এক দিকে বক্স অফিসে বেড়েই চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’ ঝড়। অন্যদিকে থিয়েটারে পদপিষ্ট হয়ে মারা যাওয়া নারীর ঘটনায় বিপাকে আল্লু অর্জুন।
রবিবার আল্লু অর্জুনের হায়দরাবাদের বাসভবনের সামনে বিক্ষোভে নেমেছে এক দল মানুষ। চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে তারা ব্যানার, পোস্টার নিয়ে জড়ো হন। সেই সঙ্গে এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন।
পরিস্থিতি এখন এমন যে, দক্ষিণী অভিনেতার সঙ্গে এখন রাজনৈতিক বিতণ্ডাও জড়িয়ে গেছে। রবিবার আল্লুর হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় এক দল মানুষ পাথর ছুড়েছেন বলে অভিযোগ।
এরপর সমাজমাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশে এক বার্তা দিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন আল্লু অর্জুন।
সোশ্যালে এই অভিনেতা লিখেন, ‘আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাব তারা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন, যেমন তারা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোনও অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।’
শুধু তাই নয়, আল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনও ভুয়া প্রোফাইল থেকে তার ভক্ত সেজে যদি কেউ এমন কোনও কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি।
নিজের ভক্তদের উদ্দেশে তার অনুরোধ, ‘এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।’
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তার নাবালক পুত্রও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
সম্প্রতি জানা গেছে, চিকিৎসকেরা আশঙ্কা করছেন ওই কিশোরের মস্তিষ্কের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই। এই ঘটনায় এর আগেই গ্রেফতার করা হয়েছিল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনকে। যদিও পরের দিনই তিনি জামিনে ছাড়া পান। প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার নিতেও প্রস্তুত অভিনেতা।
এরই মধ্যে গতকাল শনিবার আল্লু দাবি করেন, ওই ঘটনা নিয়ে একাধিক ভুল খবর ছড়িয়েছে। বিষয়টিকে ‘অপমানজনক’ বলেও উল্লেখ করেছেন আল্লু।
তার কথায়, ‘চার দিকে অনেক ভুল খবর ছড়াচ্ছে। কোনও বিভাগ বা রাজনীতিক— আমি কাউকে দোষ দিতে চাই না। কিন্তু এটা অপমানজনক। মনে হচ্ছে যেন চরিত্রহনন করা হচ্ছে।’
সে দিনই তেলঙ্গানা বিধানসভায় ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) বিধায়ক ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির ভাই আকবরউদ্দিন ওয়েইসি বলেন, ‘‘আমার কাছে যা খবর আছে, সেই তথ্য অনুসারে, যখন ওই অভিনেতা পদদলিত হওয়া এবং তাতে এক জনের মৃত্যুর কথা শুনেছিলেন, তখন তিনি বলেছিলেন, ‘এবার সিনেমাটা হিট হবে’!’’
এর পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। রবিবার দুপুর থেকে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, আল্লুর বাসভবনের সামনে বিক্ষোভ করছে এক দল মানুষ।
যে কারণে অনুতপ্ত অপু বিশ্বাস
সিনেমা থেকে সরে দাঁড়ালেন বাঁধন
আমাকে কোলে তুললে সত্যিই খুব ভয় করে: রাশমিকা