ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আসর শুরু করবে বাংলাদেশ। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তার আগের দিন ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড।
পাকিস্তান-ভারত দ্বন্দ্বের কারণে চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রবিবার সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবির মুখপাত্র আমির মীর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুবাইয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৮টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। অন্যদিকে, ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
ভারতের ম্যাচগুলো দুবাইতে হলেও বাকি সব ম্যাচ হবে পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে আইসিসি আগেই ঘোষণা দিয়েছিল, আসন্ন টুর্নামেন্টসহ ভবিষ্যতের চারটি আসরে দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না।
সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ও ৫ মার্চ। ফাইনাল নির্ধারিত ৯ মার্চ। ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে উঠে, তাহলে ম্যাচগুলো হবে দুবাইয়ে। আর ভারত ফাইনালে না উঠলে এই শিরোপা লড়াই আয়োজন করবে পাকিস্তান।
ইপিএলে বাংলাদেশি হামজার শুরুটা ভালো হলো না
ক্রিসমাসের উদযাপন তেতো হয়ে গেল ম্যানইউর