সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত নারীবিষয়ক মন্ত্রী আয়শা আল-ডিবস বলেছেন, এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ জর্জরিত দেশটি পুনর্গঠনে নারীদের অবদান রাখতে দিতে সক্ষম হবে তার প্রশাসন। রাজধানী দামেস্ক থেকে গত রবিবার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আয়শা আল-ডিবস আরও বলেন, সিরীয় নারীদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোয় সম্পৃক্ত করতে এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে যোগ্যতাসম্পন্ন নারীদের নিয়োগ দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সিরিয়ার সব প্রদেশ ও সম্প্রদায়ের নারীদের আসন্ন জাতীয় সম্মেলনে অংশ নিতে উৎসাহ দেন দেশটির অন্তর্বর্তী সরকারের এই মন্ত্রী। ওই সম্মেলনে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা।
বিদ্রোহী যোদ্ধাদের দামেস্ক দখলের মধ্য দিয়ে ৮ ডিসেম্বর পতন হয় স্বৈরাচার বাশার আল-আসাদ সরকারের। শুধু তাই নয়, বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সিরিয়ায় পাঁচ দশকেরও বেশি সময়ের পারিবারিক শাসনের অবসান হয়।
বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এক সময়ে আল-কায়েদার সহযোগী এইচটিএসকে পশ্চিমা দেশগুলো ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছিল। যদিও সাম্প্রতিক মাসগুলোয় এইচটিএস বেশ সংযত আচরণ করছে। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার কারাগারগুলো থেকে বিরোধী যোদ্ধারা মুক্ত হন। ধারণা করা হয়, বিনা বিচারে হাজার হাজার মানুষকে বাশার আল-আসাদের শাসনামলে কারাগারগুলোয় বন্দি রাখা হয়েছিল।
নারী বন্দিদের মুক্তি ও তাদের কল্যাণের বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করা হবে বলে জানান আয়শা আল-ডিবস। সেই সঙ্গে তিনি জানান, কারাগারগুলোয় বন্দি নির্যাতনে জড়িত কারা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, সাবেক বন্দি নারীদের পুনর্বাসনের জন্য তাদের মনস্তাত্ত্বিক সহায়তার প্রয়োজন। তাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আইনি সুরক্ষার প্রয়োজন, যাতে তারা কারা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিতে পারেন।
গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের নারীবিষয়ক মন্ত্রী পদে আয়শা আল-ডিবসের নিয়োগের কথা ঘোষণা করা হয়। নতুন প্রশাসনে নিয়োগ পাওয়া প্রথম নারী তিনি। অধিকারকর্মী হিসেবে তিনি পরিচিত। এর আগে উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে দাতব্য কাজে যুক্ত ছিলেন। প্রতিবেশী তুরস্কের একটি সিরীয় শরণার্থীশিবিরেও কাজ করেছেন তিনি।
