আঁখির ফিটনেস ও ভিন্ন এক প্রেম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ এএম

দেশের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। ১৯৯৪ সালে প্লেব্যাকে অভিষিক্ত হয়েছিলেন। এখনো গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করছেন। একই সঙ্গে গানের ভিডিওচিত্রেও নজরকাড়া আঁখিকে দেখে চোখ ফেরানো কঠিন হয়ে যায়। এই ৪৯ বছর বয়সেও আঁখি আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পান। অনেকেই জানতে চান, কীভাবে নিজেকে ফিট রেখেছেন। এই প্রশ্নের উত্তর দুটি, এক তিনি রাত জাগেন, দুই পার্কে হাঁটেন।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে জানালেন মজার বিষয়। আঁখি যেখানে থাকেন, সেখান থেকে পাশেই পার্ক। সেই পার্কে হাঁটতে যান। মূলত শরীর ফিট রাখতেই পার্কে হাঁটতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু একটা সময় খেয়াল করলেন তিনি আসলে শরীর ফিট রাখার জন্য পার্কে হাঁটতে আসছেন না, আসছেন অন্য এক আকর্ষণে, ভিন্ন এক প্রেমে। কী সেই প্রেম? বিষয়টি নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা বললেন, ‘আমার ফিট থাকার গোপন রহস্য আসলে কিছু নেই। আমি রাতে তেমন একটা ঘুমাই না, প্রায় সময়ই মুভি দেখি। রাত থেকে ভোর হয়ে যায়। মানে নানা কারণেই রাত জাগা হয়। আর কি। তবে শরীর ফিট রাখতে আমি হাঁটাহাঁটি করি।

আঁখি আলমগীর পার্কে যাওয়া কথা উল্লেখ করে বললেন, ‘আমাদের বাসার পাশেই একটা পার্ক রয়েছে। সেখানে নিয়মিত হাঁটতে যাই। আমার সবকিছুই অনিয়মিত। হাঁটাহাঁটিটাও অনিয়মিত। কিন্তু আমি নিজেই খেয়াল করলাম, পার্কে আমি ঠিকই যাই। কিন্তু হাঁটাহাঁটিটা আমার কাছে মুখ্য নয়। পার্কে অনেকগুলো বিড়াল, আমি পার্কে তাদের টানেই ছুটে যাই। প্রতিদিন নিয়ম করে তাদের জন্য খাবার নিয়ে যাই, তারা আমাকে দেখলেই ছুটে আসে। তারা আমার অত্যন্ত প্রিয়জন হয়ে উঠেছে, এটা আমার কাছে ভীষণ আনন্দের। এসব অবলা প্রাণী এত কৃতজ্ঞ হয়।’

বিড়ালের প্রতি প্রেম যে শুধু আঁখি আলমগীরেরই রয়েছে, তা কিন্তু নয়। স্নেহা ও আরিয়া দুই মেয়েরও ভীষণ পছন্দ বিড়াল। বাসায় বিড়াল রয়েছে। তাদের যত্ন করে মেয়েরা। খাওয়া, গোসল করা সব কিছুই দেখাশোনা করে। এ বিষয়ে আঁখি আলমগীর বললেন, আমাদের বাসায়ও বিড়াল রয়েছে। তাদের দেখাশোনা করে আমার দুই মেয়ে স্নেহা ও আরিয়া। বিড়ালকে গোসল করানো, খাওয়ানো এসব করতে গিয়ে তারা উপলব্ধি করতে পারে একজন সন্তানকে মানুষ করতে একজন মায়ের কতটা কষ্ট করতে হয়, কতটা ত্যাগ স্বীকার করতে হয়। আমি ভীষণ হ্যাপি যে, আমার মেয়েরা আমাকে বুঝতে পারে। আমার তারা দুজন ভালো বন্ধু।‘

(আঁখি আলমগীরের দীর্ঘ সাক্ষাৎকার পড়ুন আগামী শুক্রবারের আড্ডা পাতায়)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত