গত বছর বলিউডে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর পর্দা থেকে খানিক আড়ালে চলে যান বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে চলতি বছরের নভেম্বরে ঘোষণা আসে অনুরাগীদের আবারও মুগ্ধ করতে নতুন রূপে আসছেন তিনি। শিগগিরই আসতে চলেছে তার নতুন সিনেমা ‘কিং’।
প্রথমবারের মতো একই পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও তার কন্যা সুহানা খানকে। পরিচালকের আসনে থাকছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’, ‘ওয়ার’ ও ‘ফাইটার’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।
প্রথমে জানা গিয়েছিল, ছবিটি পরিচালনা করবেন বিদ্যা বালানের ‘কাহানি’ খ্যাত সুজয় ঘোষ। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ‘কিং’ পরিচালনার দায়িত্ব নিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। সুজয় ঘোষ থাকছেন গল্প লেখক হিসেবে। তার সঙ্গে যুক্ত হয়েছেন সিদ্ধার্থ আনন্দ, সুরেশ নায়ার ও সাগর পান্ডিয়া। সংলাপ রচনার দায়িত্বে রয়েছেন আব্বাস টায়ারওয়ালা।
সিনেমাটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স। এই প্রজেক্টটি শুধু তারকা অভিনয়শিল্পী ও পরিচালকের জন্য নয় বরং এর উচ্চমাত্রার অ্যাকশন সিকোয়েন্স এবং আন্তর্জাতিক লোকেশনে শুটিংয়ের পরিকল্পনার জন্যও বিশেষভাবে আলোচিত।
নির্মাতারা ছবির প্রথম লোকেশন হিসেবে নির্ধারণ করেছেন হাঙ্গেরির বুদাপেস্টকে। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করবেন শাহরুখ, সুহানা, অভিষেক বচ্চন ও অভয় ভার্মা।
‘কিং’ সিনেমাটি ১৯৯৪ সালের ইংরেজি ছবি ‘লিওন : দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত। হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম সেরা অ্যাকশন দৃশ্য থাকবে কিং-এ। সিনেমাটির শুটিং শুরু হবে ২০২৫ সালের মার্চ মাসে, যা চলবে ছয় থেকে সাত মাস ধরে। নির্মাতারা ২০২৬ সালের মাঝামাঝি সময় ‘কিং’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন।
