অপরিচ্ছন্ন মাঠে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ এএম

বিগত তিনটি নির্বাচন পরিচালনাকারীদের বিচার হওয়া উচিত বলে মনে করেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আইন অনুযায়ী তাদের প্রত্যেকেরই দুই থেকে সাত বছর শাস্তি হওয়ার কথা। কিন্তু উল্লেখযোগ্যভাবে কারওই শাস্তি হয়নি।

গতকাল সোমবার  ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল সংস্কার। বিষয়টি আমরা হয়তো অনেকেই ভুলে গেছি, আবার কেউ বলার চেষ্টা করছে যে, সংস্কার আরও পরে হলেও হবে। আবার কেউ বলছেন, স্বৈরাচার যেন ফিরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। আর কোনো দিন নয় এই স্বৈরাচার, কর্তৃত্ববাদী ব্যবস্থা, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে। তার জন্যই সংস্কার দরকার।’

‘আগে সংস্কার নাকি আগে নির্বাচন’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগেও আমরা বলেছি, নির্বাচন হলে তো আগেই হতে পারত। সংস্কার করাই হচ্ছে নির্বাচনের জন্য। আমরা চাচ্ছি নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। এখন যে অপরিচ্ছন্ন মাঠ এখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সেজন্য সংস্কার করতেই হবে। এই সংস্কারের পরে আশা করি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এর মাধ্যমে (সংস্কার) আমাদের মধ্যে একটি সম্ভাবনা  তৈরি হচ্ছে।’

নির্বাচনব্যবস্থা নির্বাসনে চলে গেছে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, নিজেদের প্রতি নিজেদের আস্থা ফিরিয়ে আনা। বিগত ৫৩-৫৪ বছরেও আমরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত করতে পারিনি। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, নির্বাচনী মাঠকে সমতল করা। এর মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।’

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম বলেন, ‘আমরা আশা করছি, তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচনব্যবস্থা থাকলে দু-তিন টার্মেই মানুষ তাতে অভ্যস্ত হয়ে উঠবে। তখন সুষ্ঠু নির্বাচনব্যবস্থা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হবে। সেই আকাক্সক্ষা থেকেই এই সংস্কারের প্রস্তাব করা হচ্ছে।’

তিনি জানান, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে অন্তর্র্বর্তী সরকারের কাছে সুপারিশ করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। একই সঙ্গে ‘না ভোটের’ বিধান চালু, নারীদের নির্বাচনে সরাসরি অংশগ্রহণ এবং নারী আসন বাড়ানোর বিষয়েও সুপারিশ করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত