কারখানা খোলার দাবি নিয়ে সড়কে পোশাকশ্রমিকরা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে শ্রমিকদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিলে সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়কের অবরোধ প্রত্যাহার করা হয়।

পুলিশ ও শ্রমিকরা জানায়, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে গত ২২ ডিসেম্বর সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে এমন শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়।

কিন্তু শ্রমিকরা তা মেনে নেননি। পরে সোমবার সকালে কারখানা দুটির শ্রমিকরা আবার কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে ওই মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা বিনা শর্তে বন্ধ কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানান।

এর আগে গত ৩ নভেম্বর ওই কারখানার শ্রমিকরা শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন। পরে শিল্প পুলিশ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জন শ্রমিককে আসামি করে মামলা করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। মঙ্গলবার কারখানা খুলে দেওয়ার শর্তে সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনরত শ্রমিকরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী-কাশিমপুর জোনের সরকারী কমিশনার সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার কারখানা খুলে দেওয়ার শর্তে সোমবার দুপুর দেড়টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন। বিকেলের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষ নিঃশর্তভাবে দাবি মেনে নিলে দুপুরের পর মহাসড়ক ছেড়ে দেন। মঙ্গলবার (আজ) থেকে শ্রমিকরা কাজে যোগ দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত