চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ এএম

রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে সেখানে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন এ এফ হাসান আরিফ। ওই দিন বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গত শনিবার সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা এবং একই দিন সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গতকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

এর আগে রবিবার মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে শোক পালনের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত