কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের আবাসিক হলে প্রবেশের নতুন সময়সীমা নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। বেঁধে দেওয়া সময়ের প্রতিবাদ জানিয়ে প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রসংগঠন। কোনো কোনো সংগঠন বলছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে সময় নির্ধারণ করা ঠিক হয়নি।
গত শনিবার অনুষ্ঠিত ১৪০তম প্রভোস্ট কাউন্সিলের সাধারণ সভায় ছাত্রদের হলগুলোতে রাত ১১টার মধ্যে প্রবেশের আদেশ দেওয়া হয়েছে। আর ছাত্রীদের হলে মাগরিবের আজান হওয়ার ১৫ মিনিটের মধ্যে প্রবেশ বাধ্যতামূলক। শিক্ষার্থীদের নিজ নিজ হল ছাড়া অন্য হলে অবস্থানও নিষিদ্ধ। এই সিদ্ধান্তের বিষয়টি হলগুলোতে নোটিশ আকারে টাঙানো হয়। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক শেখ এ বি এম জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘এই সিদ্ধান্ত সাময়িক। শীতকালীন ছুটিতে হলগুলোতে শিক্ষার্থী সংখ্যা খুবই কম। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মনে হয়েছে, বন্ধের এই সময়ে হলগুলোতে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। কারণ এখন সারাদেশে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। শীতকালীন ছুটি শেষে এই নিয়ম বাতিল হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বলছে, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয়েছে। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে। ৪ জানুয়ারি থেকে যথারীতি ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম চলবে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্পাসে ছেলেদের জন্য পাঁচটি ও মেয়েদের জন্য তিনটি হল রয়েছে। তাতে আনুমানিক সাড়ে তিন হাজার শিক্ষার্থী আবাসন সুবিধা রয়েছে। ছেলেদের হলে প্রবেশের নির্ধারিত তেমন কোনো সময় নেই বলে ছাত্ররা জানিয়েছেন। আবার কেউ বলছেন, মাঝে কোনো এক সময় রাত ১১টা পর্যন্ত প্রবেশের সময় ছিল। তবে সেটি কেউ মানতেন না।
এদিকে ছাত্রীরা বলছেন, মেয়েদের হলে সান্ধ্য আইন (মাগরিবের আজানের ১৫ মিনিটের মধ্যে) ছিল। তবে তারপরও অনেকে সন্ধ্যা ছয়টা বা সাতটা পর্যন্তও হলে প্রবেশ করতে পারতেন। কিন্তু এবার ছেলেদের সময় বেঁধে দেওয়ার পর সমালোচনা শুরু হয়েছে। এদিকে বিষয়টি জানার পরেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ ও ছাত্রদল।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাহমুদুল হাসান এক বিবৃতিতে বলেন, ‘কোনো ধরনের শৃঙ্খলা বা নীতির নামে শিক্ষার্থীদের স্বাধীনতা হরণের সিদ্ধান্ত গ্রহণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একটি বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা, মতপ্রকাশ এবং নিজেদের জীবনযাত্রা পরিচালনা করতে পারে, সে ধরনের পরিবেশ তৈরি করা উচিত। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদ্য ঘোষিত সান্ধ্য আইন শিক্ষার্থীদের স্বাধীনতাকে সংকুচিত করবে এবং একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা মনে করি, সান্ধ্য আইন শিক্ষার্থীদের মৌলিক স্বাধীনতা ও তাদের জীবনযাত্রাকে সীমাবদ্ধ করার আশঙ্কা সৃষ্টি করেছে।’
আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলছেন, এই নির্দেশনার মাধ্যমে স্বাধীনতা ও জীবনযাত্রা সীমাবদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। প্রশাসনের এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক মুখলেছুর রহমান সুইট বলেন, ‘এ ধরনের সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। অবশ্যই সব শিক্ষার্থীর সঙ্গে খোলামেলা আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া যেত। বিষয়টি প্রভোস্ট কাউন্সিলকে জানানো হয়েছে। তা ছাড়া আবাসিক হলগুলো ক্যান্টিন, চাহিদা মোতাবেক মেডিসিন (ওষুধ), পর্যাপ্ত রিডিংরুম (পাঠকক্ষ) নিশ্চিত করে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। জরুরি অবস্থায় প্রবেশ-প্রস্থানের রোডম্যাপ না দিয়ে মেয়েদের হলে সান্ধ্য আইন এবং ছেলেদের হল ১১টায় বন্ধ—এমন সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত বলে মনে করি।’
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা পিন্টু
খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু, সময় লাগবে পৌনে ৪ ঘণ্টা
ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন, কী কথা হলো
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে