বার্সেলোনার চোটগ্রস্ত খেলোয়াড়ের তালিকায় নতুন নাম তোরেস

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

সাম্প্রতিক সময়টা এতোটা খারাপ কাটছে বার্সেলোনার যে বড়দিনের ‘বিরতি’ পেয়ে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন কোচ হানসি ফ্লিক। লাগাতার হারে খোঁয়াতে হয়েছে লা লিগা টেবিলের শীর্ষস্থান। এখানেই শেষ নয় চোটের কারণে হারাতে হচ্ছে ফুটবলারদেরকেও। এই তালিকার নতুন নাম ফেরান তোরেস।

লিগে নিজেদের সবশেষ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে পেশীতে অস্বস্তি বোধ করছিলেন তোরেস। প্রাথমিকভাবে চোট গুরুতর কিছু মনে হয়নি। তবে মঙ্গলবার সকালে আরেক দফা পরীক্ষা করার পর নিশ্চিত হয়েছে চোটের মারাত্মকতা।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছিল, 'ফেরান তোরেস গত শনিবারের ম্যাচে পেশীতে অস্বস্তি নিয়ে শেষ করেছিলেন। এই অস্বস্তির ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে, তার একটি এমআরআই করা হয়। ডান পায়ের সোলেস পেশীতে একটি ছোট আঘাত পেয়েছেন। আঘাত কাটিয়ে ওঠার ভিত্তিতে তাকে পাওয়ার বিষয়টি নির্ধারিত হবে।'

ডান পায়ের সোলেস পেশীতে সমস্যা ধরা পড়েছে তোরেসের। ছোট ইনজুরি হলেও এর অর্থ হলো বারবাস্ট্রোর বিপক্ষে কোপা দেল রের ম্যাচে পাওয়া যাবে না তাকে। এমনকি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের জন্যও সন্দেহের মধ্যে থাকবেন এই ফরোয়ার্ড।

দারুণ ছন্দে থাকা তোরেস প্রায়ই সুপার সাব হয়ে বার্সার অনেক ম্যাচের ত্রাতা হয়ে উঠেছিলেন। মৌসুমে এবার মাত্র একবার শুরু করলেও পাঁচ ম্যাচে ৪টি গোল করেছেন তিনি। আতলেতিকোর বিপক্ষেও দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৩৫ মিনিটের বেশি মাঠে ছিলেন তোরেস। কিছুদিন আগেই লামিন ইয়ামাল ও হেক্টর ফোর্টও ছিটকে গেছেন এক মাসের জন্য। মৌসুম শুরুর আগেই বার্সা হারায় অধিনায়ক মার্ক আন্ড্রে টের স্টেগেন, মার্ক বার্নাল ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের মতো ফুটবলারদের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত