সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম। আজ বৃহস্পতিবার সচিবালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পিও আমিনুল ইসলাম বলেন, ‘যেখানে যেখানে আগুন লেগেছে সব পুড়ে গেছে। আমরা সব এখনো আইডেন্টিফাই করতে পারিনি, তবে করব। আমাদের নৌ-বাহিনীর টিম এখানে আছে, কাজ করছে।’
‘কেন মনে হচ্ছে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড’ জানতে চাইলে নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেডি অফিসার বলেন, ‘শর্ট সার্কিটের আগুন লাগে এক জায়গা থেকে, সব জায়গায় একসঙ্গে ছড়িয়ে পড়ে না। এই আগুন একসঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে।’
এদিকে দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, গতকাল রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় ও সাত তলায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ছয়টি ইউনিট নির্বাপণের কাজ শুরু করে। দুই ঘণ্টার ব্যবধানে ইউনিট বেড়ে দাঁড়ায় ২০টিতে। সকাল ৮টা ৫ মিনিটে মোটামুটি নিয়ন্ত্রণে আসে আগুন। এর তিন ঘণ্টা পরে একেবারেই আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সর্ভিসের কর্মীরা। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি।
আগুন নির্বাপনের সময় মিনি ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন নামের এক ফায়ার সর্ভিসের কর্মী নিহত হন। এছাড়া সৈয়দ মনিরুল ইসলাম নামের আরও একজন ফায়ার ফাইটার আহত হয়েন। তিনি বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ।
এর আগে, সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।’
অপরদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের বলেন, ‘কি হয়েছে তা আমরা দেখবো। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া যায় কিনা আমরা জানাব। আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির সদস্য সংখ্যা ৫-১১ পর্যন্ত হতে পারে।’
সচিবালয়ের ওয়েব সাইট থেকে জানা গেছে, যে ভবনে আগুন লেগেছে সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মতো অতি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে।
শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিলেন
লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
যুদ্ধবিরতি বিলম্বে পরস্পরকে দোষারোপ হামাস-ইসরায়েলের