আগুন নেভাতে দীর্ঘ সময় লাগল কেন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম

দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে, কারণ ফায়ার ফাইটাররা আগুন নেভাতে গিয়ে পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়েছেন।  সচিবালয়ের গেট দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের মাত্র দুটি টার্নটেবল লেডার (টিটিএল) ভেতরে ঢুকতে সক্ষ্ম হয়েছে। যদি আরও বেশি টিটিএল ঢুকতে পারত, তাহলে আরও আগে আগুন নেভানো সম্ভব হতো।

সচিবালয়ে ঢোকার মোট ফটক পাঁচটি। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে মাত্র দুটি। এই দুই ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা। তাঁরা বলেন, সচিবালয়ের ৪ নম্বর ফটক দিয়ে ঢুকতে গিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভেঙে গেছে।

আগুন নেভানোর কাজ শেষে ফায়ার সার্ভিসের গাড়ি সচিবালয় থেকে বের করতেও বেশ সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা। গাড়ি বের করতে গিয়ে দেয়ালের কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আগুন ছড়িয়ে যাওয়ার বিষয়ে  কর্মকর্তারা বলেন, আগুন ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হলো, মন্ত্রণালয়গুলো কাঠ দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ করেছে। এটি যখন করা হয়, তখন নিষেধ করা হয়েছিল। কিন্তু কাঠ দিয়েই সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। এ ছাড়া মন্ত্রণালয়ের প্রতিটি রুম ছিল বন্ধ। তালা ভেঙে, জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে।

দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, গতকাল রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় ও সাত তলায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ছয়টি ইউনিট নির্বাপণের কাজ শুরু করে। দুই ঘণ্টার ব্যবধানে ইউনিট বেড়ে দাঁড়ায় ২০টিতে। সকাল ৮টা ৫ মিনিটে মোটামুটি নিয়ন্ত্রণে আসে আগুন। এর তিন ঘণ্টা পরে একেবারেই আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সর্ভিসের কর্মীরা। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত