আগামী বছরের শুরুতে তিস্তা নিয়ে গণশুনানি হবে: আসিফ মাহমুদ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দীর্ঘদিনের তিস্তা নদীর পানি সমস্যা নিরসনে উত্তরবঙ্গে আমরা গণশুনানি করতে যাচ্ছি। আগামী নতুন বছরের (২০২৫ সাল) শুরুতেই পানি সম্পদ উপদেষ্টা ও আমি উত্তরবঙ্গে এসে গণশুনানিতে অংশ নেব।

গতকাল বুধবার(২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নীলফামারীর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, শুস্ক মৌসুমে তিস্তা নদীতে পানি থাকে না। আবার বন্যার সময় সব কিছু তলিয়ে যায়। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনবো, তিস্তা নদীর পানি নিয়ে আপনাদের সমস্যা শুনে বৃহৎ পরিসরে পরিকল্পনা গ্রহণ করা হবে।  আমি আশাবাদী তিস্তা নিয়ে আপনাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। 

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, জনগণের আকাঙ্খা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন। সেই লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। গুরুত্বপূর্ণ প্রকল্পে আমরা হাত দিচ্ছি। বিগত ফ্যাসিবাদ সরকারের সময় উত্তরবঙ্গে যে বৈষম্য হয়েছে, সেই বৈষম্য এই ঘুচিয়ে দিবে। 

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক আবু সাঈদ লিওন, জলঢাকা উপজেলা জামায়াতে আমির মোখলেছুর রহমান, জেলা জামায়াতে মজলিশে শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফী, জলঢাকা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ। 

এছাড়া অন্যান্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জলঢাকা প্রতিনিধি সাব্বির আহমেদ, শাবাব তানজিম, নেওয়াজ নিশান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন। 

এর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এরপর বিকাল ৫টার দিকে নীলফামারী সার্কিট হাউজে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা ও আন্দোলনের নিহত দুই শহীদ পরিবারকে চেক বিতরণ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত