দুই টাকার ফরমের জন্য গুনতে হয় ১১০০ টাকা

তদন্ত কমিটি গঠন, অভিযোগকারীকে হত্যার হুমকি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম

ফেনীতে জনকল্যাণ শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড (রেজি:নং-১৪৬/২২) 'দুই টাকার ফরম ১১০০ টাকা বিক্রি' শিরোনামে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা সমবায় কার্যালয়। এ দিকে বৃহস্পতিবার অভিযোগকারী হাসানুল হক ইমন নামে দাগনভুঞার সিলোনিয়া শাখার সাবেক ব্যবস্থাপক প্রাণ নাশের হুমকি দিয়ে মেরে লাশ গুম করার ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।

ফেনী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, সমবায় সমিতি আইন, বিধিমালা, উপ-আইন ও নিবন্ধক জারীকৃত আদেশ-নির্দেশ বর্হিভূতভাবে শাখা কার্যালয় পরিচালনা, অসদস্যদের সাথে ঋণ কার্যক্রম, এফডিআর গ্রহণ ও আইন লঙ্ঘনে করে ঋণ প্রদান ও সমিতির কর্মীদের হয়রানি সংক্রন্ত অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সমিতির কার্যালয়ে গিয়ে তদন্ত করেন কর্মকর্তা রাজন চন্দ্র পাল, সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় ফেনী সদর, ফেনী। এ সময় জনকল্যাণ শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি- জাহানারা বেগম, সম্পাদক মো. আবদুল্লাহ আল হালিম উপস্থিত ছিলেন।

এ দিকে হাসানুল হক ইমন জানান, পাওনা টাকা পরিশোধ না করা, প্রয়োজনীয় কাগজপত্র, স্বাক্ষরিত চেক, স্ট্যাম্পসহ অন্যান্য কাগজ পত্র ফেরত না দেওয়ায় আবদুল্লা আল হালিম, মো. খোকন, মো. হাসান ও রাজিয়া সুলতানার বিরুদ্ধে উপজেলা সমবায় অফিসে অবৈধ শাখা পরিচালনা ও অনৈতিক কার্যকলাপের বিষয় একখানা অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জনকল্যাণ সমবায় সমিতির নামে অভিযোগ করার কারণে আমার বসত বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকি ধমকি প্রদান করে এবং তাদের সঙ্গে যেতে বলেন। এরই মধ্যে আমি ভয়ে ৯৯৯ এ কল দেই। এরই মধ্যে থানা হইতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আমাকে থানায় নিয়া আসে। আমি থানা থেকে বের হওয়ার পরে তারা রাস্তায় আমাকে সময় সুযোগ মত পেলে মেরে ফেলবে মর্মে বিভিন্ন প্রকার প্রাণনাশের হুমকি দিয়ে লাশগুম করবে ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়িযে দিবে বলে। এরুপ হুমকি ধামকির কারণে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান। 

অভিযোগের বিষয়টি অস্বীকার করেন সমিতির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হালিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত