সচিবালয়ে আগুন: প্রাথমিক প্রতিবেদন ৩ দিনের মধ্যে দিতে নির্দেশ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ তদন্তে গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি বলেন, এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তার সঙ্গে থাকবেন গৃহায়ন সচিব, পুলিশের আইজিপি, কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত