লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন ও নাকে খত দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ব্যাবসায়ী সুমন ভূঁইয়াসহ ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়।
পুলিশ জানান, মামলায় সদর উপজেলার কাজির দিঘীর পাড় বাজারের ব্যবসায়ী জহির উদ্দিন, নিজাম উদ্দিন ও সুমন ভূঁইয়াসহ আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে মামলায়। ভ্যাকটিম রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের চৌকিদার বাড়ির আহমদ উল্লাহর ছেলে।
জানা গেছে, চুরির অপবাদে রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজির দিঘীরপাড় বাজারে এক যুবককে খুঁটিতে বেঁধে মারধর ও নাকে খত দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, রহমত উল্লাহ নামের ওই যুবককে পেছন দিক থেকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। এ সময় বাজারের ব্যবসায়ী নিজামসহ কয়েকজনের হাতে লাঠি ছিল। একপর্যায়ে সুমন নামে একজন এসে রহমতকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে। বলা হয় নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু নাকে খত দেওয়া শেষ হতেই পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার সময় রহমত উল্লাহকে সন্দেহজনকভাবে আটক করে সদর উপজেলার কাজির দিঘীর পাড় বাজারের কয়েকজন ব্যবসায়ী। পরবর্তীতে চোর অপবাদ দিয়ে তাকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মতিন ভূইয়ার দোকানের সামনের খুঁটিতে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এরপর পিচ ঢালা সড়কে নাকে খত দিতে বাধ্য করে অভিযুক্তদের কয়েকজন। প্রকাশ্যে নির্যাতন সহ্যসহ নাকে খত দিয়ে মুক্তি নেন ভ্যাকটিম রহমত উল্লাহ।
ব্যবসায়ীদের দাবি, চুরির উদ্দেশ্যে বন্ধ থাকা দোকানে প্রবেশ করে রহমত উল্লাহ। এ সময় দোকানের মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে। পরে ক্ষুব্ধ হয়ে কেউ কেউ তাকে মারধর ও নাকে খত দিয়েছে। ভয়ে আত্মগোপনে থাকায় মামলার পরও এ বিষয়ে বাদী রহমত উল্লাহর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ঘটনার ভিডিও দেখার পরই পুলিশ নির্যাতনকারীদের খুঁজছে। তবে পালিয়ে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। এখন মামলা হয়েছে। পুলিশ এজহারভুক্তদের গ্রেপ্তারের দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আইনজীবী কারাগারে
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
আসিফ মাহমুদের হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, যা জানা গেল
৯৯৯ নম্বর ব্যবহার করে প্রতারণা, সতর্ক বার্তা দিল পুলিশ
সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ