মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ পিএম

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা ৫১মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

এক বিবৃতিতে এআইআইএমএস জানিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯ টা ৫১মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের গাহতে জন্ম মনমোহন সিংয়ের। তিনি পাঞ্জাব ইউনিভার্সিটি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। পরে কেমব্রিজেও পড়াশোনা করেন তিনি। অর্থনীতিতে ডক্টরেট এ রাজনীতিক ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, প্ল্যানিং কমিশনে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ভারতের অর্থনীতির উন্নয়নে তার ভূমিকা চিরস্মরণীয়।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন সিং। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। এ ছাড়া, পিভি নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত