নিজের মনের মতো কাজ না হলে গড়পড়তা কাজে নিজেকে কখনোই ব্যস্ত রাখতে পছন্দ করেন না জান্নাতুন নূর মুন। যে কারণে এখন তাকে পর্দায় দেখাও যায় কম। বিজ্ঞাপন, নাটক, ওটিটি এবং সিনেমা সব মাধ্যমেই কাজ করেছেন। তবে তিনি মুখিয়ে রয়েছেন সিনেমার জন্য। ভালো সুযোগের অপেক্ষায়।
এর মধ্যে দীর্ঘদিন পর একটি টেলিফিল্মের শুটিং শেষ করেছেন মুন। এর নাম ‘নীল শুভ্র’। নাজনীন হাসান খান পরিচালিত এ টেলিছবিতে তার বিপরীতে রয়েছেন সোহান খান। ফ্যামিলি ড্রামা, ইমোশন, রোমান্সের মিশেলে নির্মিত এই টেলিছবিতে মুনকে প্রথমবারের মতো দেখা যাবে দ্বৈত চরিত্রে। যেটা তার জন্য অন্যরকম এক অভিজ্ঞতা।
জান্নাতুন নূর মুন দেশ রূপান্তরকে বলেন, ‘অনেক দিন পর টেলিছবিতে কাজ করলাম। খুবই সুন্দর একটি গল্প, যেখানে দর্শক সবকিছু খুঁজে পাবে। তাছাড়া প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। কাজটি নিয়ে আমি নিজে অনেক বেশি এক্সাইটেড। আশা করছি সবার কাছে ভালো লাগবে।’
অপর্ণা রানী রাজবংশীর গল্পে ‘নীল শুভ্র’ টেলিছবিটিতে আরও অভিনয় করেছেন সাইকা আহমেদ, আনোয়ার শাহী, এনায়েত উল্লাহ সায়েদ, ফরিদ হোসাইন, তাজরিন সুলতানা প্রমুখ। আজ শুক্রবার দুপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে টেলিছবিটি প্রচারিত হবে।
তিনি জানান, এটি ছাড়াও সামনে আরও বেশ কিছু নাটকে তাকে দেখা যেতে পারে। আসছে ভালোবাসা দিবস ঘিরে কিছু নাটকে অভিনয় করার কথা রয়েছে তার। এ ছাড়া কথা হচ্ছে ওটিটির কাজ নিয়েও। এর বাইরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও এই অভিনেত্রীর কাজ করার কথা রয়েছে।
কাজের প্রস্তাব এলেও জুতসই কাজ পাচ্ছেন না বলে জানান মুন। তার মতে, কাজের প্রস্তাব তো আসে কিন্তু সেগুলো আমার মন মতো হয় না। অনেক দিন অপেক্ষা করেছি, এখনো করছি। আমার তো লক্ষ্য সিনেমাকে ঘিরে। বড় পর্দায় নিজেকে সঠিকভাবে মেলে ধরার। কিন্তু সেই সুযোগটাই পাচ্ছি না। যার কারণে অনেকটা হতাশও। চেষ্টা করে যাচ্ছি। এমনিতেও আমি অনেক বেশি কাজ করি না। খুবই অল্প কাজ করি। এর মধ্যে ওয়েবেও কাজ করতে চাই ভালো গল্পে, চরিত্রে। জানি না কতটুকু কী হবে!
এদিকে সর্বশেষ আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে মুনের ওয়েব ফিল্ম ‘পাশা’। মুক্তির অপেক্ষায় রয়েছে শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমা ‘চক্কর’।
