আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি শামিমকে ১৫ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে রাজধানী ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, ২০০৯ সালে নগরের দপ্তরখানা এলাকায় মর্মান্তিক এই হত্যাকা- সংঘটিত হয়। পারিবারিক কলহের জেরে নিজের মা, ভাইয়ের স্ত্রী এবং তার গর্ভে থাকা সন্তানকে হত্যা করে পালিয়ে যান শামিম।
থানা পুলিশ জানায়, ২০০৯ সালের সেই ঘটনায় নিহতদের পরিবার থেকে আজিজ মল্লিক বাদী হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে ২০১১ সালে আদালত শামিমের ফাঁসির আদেশ দেয়। তবে রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন শামিম।
মামলার বাদী আজিজ মল্লিক বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে শামিম তার মাকে হত্যা করে। তখন আমার মেয়ে শিমু হত্যাকা-টি দেখে ফেলায় তাকেও নির্মমভাবে হত্যা করে। শিমু তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। হত্যাকা- ঘটিয়ে পালিয়ে যায় শামিম।
১৫ বছর পর আসামি গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন নিহতদের পরিবার। আজিজ মল্লিক কোতোয়ালি থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শামিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গ্রেপ্তারকৃত শামিম বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
