অপ্রতিরোধ্য লিভারপুলের আরও একটি দুর্দান্ত জয়

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ এএম

প্রিমিয়ার লিগে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে লিভারপুল। নিজেদের মাঠে লেস্টার সিটির কাছে গোল হজমের পর তারা যেভাবে ঘুরে দাঁড়াল, সেটা দর্শনীয়। আক্রমণের পর আক্রমণে লেস্টারকে ৩-১ গোলে উড়িয়ে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করল আর্না স্লটের দল। টেবিলের দ্বিতীয় দলের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৭।

বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে গোলের জন্য ২০টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে লিভারপুল। বিপরীতে সফরকারীদের ৪ শটের একটি লক্ষ্যে ছিল। সেই একটিমাত্র শটেই গোল হয়েছে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে। বাঁ দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জালে পাঠান ঘানার ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আইয়ু। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে ম্যাচে সমতা ফেরান লিভারপুলের ডাচ ফরোয়ার্ড হাকপো।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। বক্সে সালাহর পাস থেকে বল পেয়ে যান ম্যাক অ্যালিস্টার। এই আর্জেন্টাইন মিডফিল্ডারের কাট-ব্যাকে পা ছুঁইয়ে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার জোন্স। ৬৫তম মিনিটে বক্সের ভেতর থেকে জোরাল শটে হাকপো জালে বল পাঠালেও অফসাইডের জন্য গোল হয়নি। ৮২তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সালাহ। চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা মিশরীয় ফরোয়ার্ডের এটি ১৬তম গোল।

এই জয়ে ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত