বিস্ময়কর চীনা যুদ্ধবিমান!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ এএম

চীনের নতুন ডিজাইনের দুটি যুদ্ধবিমানের অস্পষ্ট ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ যুদ্ধবিমানগুলোর বৈশিষ্ট্য স্টিলথ যুদ্ধবিমানের মতো মনে হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এ যুদ্ধবিমানের নকশা স্পষ্টতই অত্যাধুনিক। তবে পর্যাপ্ত তথ্য না থাকায় সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। অবশ্য কেউ কেউ বলছেন, এ যুদ্ধ বিমানগুলো ষষ্ঠ প্রজন্মের।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলেছে, তারা এই প্রতিবেদন সম্পর্কে জানে। তবে চীনের সামরিক বাহিনী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে যা বলা হয়েছে, এর বাইরে অতিরিক্ত কোনো মন্তব্য নেই।

রয়টার্স চীনের চেংডু এলাকার আকাশে দুটি যুদ্ধবিমানের উড়ন্ত একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। স্যাটেলাইট ছবি ও ফাইল ছবির সঙ্গে কাছাকাছি ভবন, সাইনবোর্ড, লোগো ও গাছপালার মিল পাওয়া গেছে। তবে সেই উড্ডয়নের তারিখটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই দুটি চীনা যুদ্ধবিমানের কোনো অফিশিয়াল নাম এখনো প্রকাশিত হয়নি। যদিও এই ডিজাইনগুলো চীনের অন্যান্য বিমানের তুলনায় অনন্য। তবে এগুলোর স্টিলথ সক্ষমতা, গতি বা কৌশলগত দক্ষতা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের প্রতিরক্ষা ও বিমান বিশেষজ্ঞ পিটার লেটন বলেন, চীনের বিমানের ক্ষেত্রে পঞ্চম প্রজন্মের বলে শনাক্ত করা কঠিন। কারণ এগুলোর ডিজাইনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা কখনো দেখা যায় না।

রয়টার্স বলছে, দুটি বিমানেরই ডিজাইন টেইললেস, অর্থাৎ এগুলোর পেছনে উল্লম্ব কোনো স্ট্যাবিলাইজার নেই। আর এমন যুদ্ধবিমানের ভারসাম্য সাধারণত কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

উভয় যুদ্ধবিমানের ডিজাইনে ৯০ ডিগ্রি কোণের অনুপস্থিতি রয়েছে, যা স্টিলথ আকৃতির বৈশিষ্ট্য। এই ডিজাইনের উদ্দেশ্য হলো কোনো রাডার যাতে সহজে শনাক্ত করতে না পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত