নেক আমল নষ্ট হওয়ার কারণ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম

হিংসা ভয়ংকর এক রোগের নাম। হিংসা মানুষের ইবাদতের সওয়াবকে নষ্ট করে দেয়। আর হিংসার আগুনে সর্বপ্রথম হিংসুক নিজেই পুড়ে। তাই হিংসা থেকে বেঁচে থাকা কাম্য। কোরআন ও হাদিসে হিংসা থেকে বেঁচে থাকতে জোর তাগিদ দেওয়া হয়েছে।

হিংসুক ব্যক্তি মনে করে সমাজে সে একাই সম্মানিত ও মর্যাদাসম্পন্ন। আর সবাই তার চেয়ে নগণ্য। এমন মনোভাব রাখা জঘন্য অন্যায়। তাই আমাদের হিংসা থেকে এবং হিংসার অনিষ্ট থেকে বেঁচে থাকতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুল (সা.) বলেন, ‘তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা হিংসা নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয়, যেমন আগুন কাঠের টুকরাকে জ্বালিয়ে দেয়। (সুনানে আবু দাউদ)

হিংসুককে সমাজে কেউ পছন্দ করে না। সবাই তাকে খারাপ দৃষ্টিতে দেখে। সমাজে সবার সঙ্গে বসবাস করলেও কেউ তাকে ভালো জানে না। সুরা নিসার ৫৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সে জন্য কি তারা তাদের ঈর্ষা করে?’ মহান আল্লাহও ঈর্ষাকারীকে পছন্দ করেন না। আমাদের মনে রাখতে হবে, অহংকারের মাধ্যমেই সংঘটিত হয় বড় ধরনের পাপ।

কবিরা গুনাহের মধ্যে অহংকার অন্যতম। অনেকেই বুঝে না বুঝে অহংকার করে। যা কাম্য নয়। কারণ এটা তার নিজেরই ক্ষতি ডেকে আনবে। মহান আল্লাহ আমাদের নেক আমল নষ্টকারী হিংসার মতো ভয়াবহ রোগ থেকে বেঁচে থাকার তওফিক দান করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত