আর মাত্র দুটো রাত, তারপরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম মৌসুম। তারুণ্যের উৎসবের অংশ এই ক্রিকেট টুর্নামেন্টকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় সক্রিয়। হয়ে গেছে কনসার্ট, ট্রফি ট্যুর। তবে এসব তো গানের আগে তবলার ঠুকঠাক, গিটারের টুংটাং। ৩০ ডিসেম্বর থেকে ব্যাট-বলের লড়াই। আর সেই লড়াইয়ের ভাড়াটে সৈনিকরা বিদেশ থেকে একে একে এসে পৌঁছে যাচ্ছেন বাংলাদেশে।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শুক্রবার বাংলাদেশে পা রেখেছেন তাদের বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি, পাকিস্তানের ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, খান জাহানদাদ ও আলি মোহাম্মদ এসে গেছেন। ক্যারিবিয়ান থেকে এসেছেন কাইল মেয়ারস। সিলেট স্ট্রাইকার্সের প্রথম খেলা মঙ্গলবার। তাদের বেশিরভাগ ক্রিকেটারই এখনো এসে পৌঁছাননি, এসেছেন কেবল সামিউল্লাহ শেনওয়ারি ও জর্জ মুনজি। কাল আসবেন রিস টপলি, অ্যারন জোনস পরদিন আসার কথা পল স্টার্লিং ও রাহকিম কর্নওয়ালের।
রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার চলে এসেছেন। ঢাকায় পা রেখেছেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। অন্যদিকে জাতীয় দলে ডাক পাওয়া আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের আসা হচ্ছে না। আজ ঢাকায় পা রাখবেন খুশদিল শাহ, আকিফ জাভেদ, তৌফিক খান, অ্যালেক্স হেলস ও স্টিভেন টেলর।
ঢালিউড সুপার স্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটাল আসর জমাতে চায় মাঠে এবং মাঠের বাইরেও। থিসারা পেরেরা, স্টিফেন এসকেনাজি, ফারমানউল্লাহ শাফি, চতুরঙ্গা ডি সিলভা ও আমির হামজা এসে পড়েছেন, আজ যোগ দেবেন অনুশীলনে। অন্যদিকে একঝাঁক শোবিজ তারকাদের নিয়ে হয়েছে ঢাকা ক্যাপিটালের থিম সং-এর শুটিং।
শুক্রবার প্রথম দিনের অনুশীলন সেরেছে দুর্বার রাজশাহী। মাত্রই এনসিএল টি২০ জিতেছেন রংপুর বিভাগীয় দলের অধিনায়ক আকবর আলী। বিপিএলে রাজশাহীর নেতৃত্বে থাকবেন কি না এমন প্রশ্নে তার উত্তর, ‘এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে আমি অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, এর ওপর এসব নির্ভর করছে।’ আকবরের নেতৃত্বে এই বছর টপ-এন্ড টি২০ তে বাংলাদেশের এইচপি দল হয়েছে রানার্সআপ, সব মিলিয়ে এই সংস্করণে নেতৃত্ব দিয়ে ভালোই সাফল্য পাচ্ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। দলে খুব একটা বড় নাম নেই তবে জানিয়েছেন টি-টোয়েন্টি নাম দিয়ে জেতা যায় না, ‘টি-টোয়েন্টি আসলে কাগজে-কলমে খেলাটা হয় না। খুব অল্প সময়ের খেলা। পুরোটাই নির্ভর করে যে, কোন দলটা দ্রুত মোমেন্টাম নিতে পারে। আমরা যদি দল হিসেবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং মোমেন্টাম নিতে পারি, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব। আপনি যখন একটা দলে খেলবেন, সেই দলটা নিয়ে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের আশাবাদী হতে হবে। আমরাও আমাদের দল নিয়ে আশাবাদী। আমাদেরও যথেষ্ট ভালো দল আছে। আমরা যদি নিজেদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে আপনি কাগজে-কলমে দল বানিয়ে ফল বের করতে পারবেন না। মাঠের খেলাই আসলে মূল।’
শিষ্যদের নিয়ে মাঠে নেমে গেছেন সাবেক অজি পেসার শন টেইট, এবারে তিনি চিটাগং কিংসের দায়িত্বে। মিরপুরের অ্যাকাডেমি মাঠেই এখন আর সীমাবদ্ধ নেই ক্রিকেটারদের অনুশীলন। বিভিন্ন দল ভেন্যু হিসেবে বেছে নিয়েছে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ। বসুন্ধরা স্পোর্টস সিটিতে রংপুরের নিজস্ব অনুশীলন মাঠ রয়েছে। এনসিএলের সমাপ্তি, ওয়েস্ট ইন্ডিজ সফরের ক্লান্তি সব কিছুর পর এখন মনোযোগ বিপিএলে। বাংলাদেশের সবচেয়ে জমকালো ক্রিকেট আসর যে এটাই!
