অস্ট্রেলিয়ার সামনে অসহায় ভারত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ এএম

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় ছিল বিরাট কোহলি আর স্যাম কনস্টাসের ধাক্কা-কাণ্ড। দ্বিতীয় দিনে সবার নজর মাঠে ফেরালেন স্টিভেন স্মিথ। ব্রিসবেনের পর মেলবোর্নেও হাঁকালেন দুর্দান্ত সেঞ্চুরি। ১৯৭ বলে ১৪০ রানের ইনিংসের মাধ্যমে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ১১টি সেঞ্চুরির বিশ্বরেকর্ডটাও নিজের করে নিয়েছেন ফ্যাব ফোরের অন্যতম এই ব্যাটার। কিন্তু ফ্যাব ফোর গ্রুপের আরেক সদস্য বিরাট কোহলি এদিন ব্যর্থতার ঘানি টেনেছেন। অস্ট্রেলিয়ার রান পাহাড়ের জবাবে রীতিমতো অসহায় অবস্থায় পড়ে গেছে ভারতের ব্যাটিং লাইনআপ।

৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্মিথ অপরাজিত ছিলেন ৬৮ রানে। শুক্রবার তিনি ১৬৭ বলে তিন অঙ্ক স্পর্শ করেন। আকাশ দীপের বলে অদ্ভুতভাবে বোল্ড হয়ে থামে তার ইনিংস। এর আগে ব্রিসবেন টেস্টেও স্মিথ ১০১ রানের ইনিংস খেলেছিলেন। স্মিথ ছাড়াও অজিদের হয়ে ফিফটি করেছেন অভিষিক্ত স্যাম কনস্টাস (৬০), মার্নাস লাবুশেন (৭২) আর উসমান খাজা (৫৭)। অধিনায়ক প্যাট কামিন্স ৪৯ রানে রবীন্দ্র জাদেজার বলে আউট হন। বল হাতে ৪ উইকেট নিলেও রান বিলিয়েছেন ভারতের পেস তারকা জসপ্রিত বুমরা। ৪ ছক্কা হজম করে দিয়েছেন ৯৯ রান। ৪,৪৮৩ বল আর ২৫ টেস্টের পর এটাই ছিল তার প্রথম ছক্কা হজম। মেলবোর্নে নামার আগে ৪৩ টেস্টে বুমরা ছক্কা হজম করেছিলেন মাত্র ৭টি। তার পাশাপাশি রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৩ উইকেট। ৪৭৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ভারতের প্রথম ইনিংসে অধিনায়ক রোহিত শর্মাকে ফের দেখা গেল ওপেনিং পজিশনে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ৫ বলে ৩ রান করে শিকার হয়েছেন প্যাট কামিন্সের। সপ্তমবার রোহিতকে আউট করলেন কামিন্স, যার মাঝে পাঁচবারই অধিনায়ক হিসেবে। টেস্ট ইতিহাসে এমন ঘটনা এর আগে দুবার দেখা গেছে। সাবেক ইংল্যান্ড অধিনায়ক টেড ডেক্সটারকে ৫ বার আউট করেছিলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো। আর পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানের বলে ৫ বার আউট হয়েছিলেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার। তিনে নেমে লোকেশ রাহুল ব্যক্তিগত ২৪ রানে আউট হন। এরপর প্রতিরোধ গড়েন বিরাট কোহলি আর যশস্বী জয়সোয়াল। তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছিল ভারতের স্কোর। ৮১ বলে ফিফটি পূরণ করা জয়সোয়াল ছুটছিলেন তিন অঙ্কের দিকে। আর ধাক্কা-বিতর্ক থামাতে আইসিসি কর্র্তৃক সাজাপ্রাপ্ত কোহলির সামনে একমাত্র পথ ছিল পারফরমেন্স করা।

উভয়েই স্বচ্ছন্দে খেলছিলেন। কিন্তু জয়সোয়ালের হঠাৎ কী হলো, বোল্যান্ডকে চার মেরে জুটির শতরান পূর্তির পরের বলেই অনসাইডে শট খেলে আগপিছ চিন্তা না করেই দিলেন পাগলাটে এক দৌড়! ফলাফল রানআউট হয়ে ফিরতে হলো ১১৮ বলে ১১ চার ১ ছক্কায় ৮২ রানে। জয়সোয়াল আউট হওয়ার পর কোহলিরও যেন ‘ব্রেন ফেইড’ হয়ে গেল। ৮ বলের ব্যবধানেই সেই বোল্যান্ডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন ৮৬ বলে ৩৬ রান করে। পথ হারাল ভারতের ইনিংস। ৪৬ ওভার ব্যাট করে দিনশেষে তারা তুলেছে ৫ উইকেটে ১৬৪ রান। দ্বিতীয় দিন শেষে তারা স্বাগতিকদের থেকে ৩১০ রান পিছিয়ে। রিশভ পান্ত (৬) আর রবীন্দ্র জাদেজা (৪) নামবেন তৃতীয় দিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত