শুক্রবার সকাল। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ^রী টোল প্লাজায় বিভিন্ন লেনে টোল দেওয়ার জন্য দাঁড়ানো যানবাহনের সারি। এর মধ্যে মাঝের একটি লেনে টোলের লাইনে দাঁড়িয়ে ছিল একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার আর একটি মোটরসাইকেল। ঘড়ির কাঁটা তখন ১১টার ঘরে। বাহনগুলোর আরোহীদের কেউ কেউ হয়তো তখনই ভাবছেন কতক্ষণে পৌঁছানো যাবে গন্তব্যে! কিন্তু ঠিক সে সময়ই পেছন থেকে একটি যাত্রীবাহী বাস দানবের মতো হামলে পড়ে যানবাহনগুলোর ওপর। পিষে যায় মোটরসাইকেল আর প্রাইভেট কারটিকে। মাইক্রোবাসটিও বাসের প্রবল ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। প্রাণ হারায় বাহনগুলোর পাঁচ আরোহী। বাড়ি ফেরার যাত্রা রূপ নেয় জীবনের অন্তিম যাত্রায়।
এদিন পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও চার শ্রমিক এবং দিনাজপুরের পার্বতীপুরে নিহত হয়েছেন আরও দুজন।
আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ধলেশ্বরী টোল প্লাজায় ওই দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, তাদের কাছে আসা তথ্য অনুসারে নিহতরা হলেন রাজধানীর জুরাইনের বাসিন্দা আমেনা হক (৪৫), তার দুই মেয়ে ইমি (২৭) ও রিয়া (১২) এবং দুই বছর বয়সী নাতি আয়াত। তারা প্রাইভেট কারের আরোহী ছিলেন। এ ছাড়া মোটরসাইকেলের আরোহী এক শিশুও মারা গেছে। তার নাম আবদুল্লাহ।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়াগামী লেনে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারটিকে পেছন থেকে প্রচন্ড গতিতে আসা বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় প্রাইভেট কারটি। কারটি ছাড়াও দুর্ঘটনা কবলিত হয় আরও একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল। ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত হন আরও আটজন। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়।
দেওয়ান আজাদ বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।
টোল প্লাজার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মাওয়ামুখী টোল প্লাজার একটি লেনে মোটরসাইকেল টোল আদায়ে দাঁড়িয়ে ছিল। পেছনে টোল আদায়ে অপেক্ষমাণ থাকে একটি প্রাইভেট কার। এর পেছনে আসে একটি মাইক্রোবাস। এ সময় দক্ষিণবঙ্গগামী বেপারী পরিবহনের দ্রুতগতির একটি বাস সামনে থাকা মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলকে পিষে দিয়ে চলে যায়।
শ্রীনগর উপজেলার হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানিয়েছেন, বেলা ১১টা থেকেই হাইওয়ে পুলিশসহ ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো টোল প্লাজা থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। দুপুর ২টার দিকে টোল প্লাজা দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পাবনা প্রতিনিধি জানান, সকালে বাড়ি থেকে কাজে বেরিয়ে পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় চার দিনমজুর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন হোসেন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭) ও আবদুল জলিল (৬৫) আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ জানান, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
দিনাজপুরের পার্বতীপুর প্রতিনিধি জানান, পার্বতীপুরে পিকআপ ভ্যানের (পাম্পচার) ধাক্কায় প্রেমিক তানভীর ইসলাম মোহন (২৫) ও তাজমিন আক্তার (১৯) নামে দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন মোল্লা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টার দিকে পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝ্যাল্লার মোড়ে পৌঁছালে রংপুরের দিক থেকে আসা ডিমবোঝাই একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিশমত কামারপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে তানভির ইসলাম মোহনের (২৫) মৃত্যু হয়।
