চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর ইশানবালা খালের মুখে সারবাহী এমভি আল-বাখেরা জাহাজে সাতজনকে হত্যার ঘটনায় রহস্য উদঘাটন এবং জড়িতদের বিচারসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। কর্মবিরতির কারণে সার, রড ও সিমেন্ট সরবরাহ বন্ধ রয়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
চট্টগ্রাম : বৃহস্পতিবার রাত ১২টা থেকে সারা দেশে এ কর্মবিরতি ঘোষণা করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
সংগঠনটির অফিস সচিব মো. আতিকুল ইসলাম টিটু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
দেশ রূপান্তরকে তিনি বলেন, চাঁদপুরের একটি জাহাজে সাত খুনের রহস্যের প্রকৃত ঘটনা উদঘাটন এবং এর সঙ্গে কারা কারা জড়িত ছিল তার সঠিক তদন্ত দাবি করছি। সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সরকার আমাদের সঙ্গে বসার আগ্রহ দেখায়নি এবং আমাদের দাবি পূরণের কোনো পদক্ষেপ না থাকায় আমাদের শ্রমিক ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, এই সাত জনের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। এই হত্যাকান্ডের পর র্যাব যখন আকাশ মন্ডল নামের একজনকে আটক করে সে সময় আমরা উচ্ছ্বসিত হয়েছিলাম হয়তো সঠিক বিচার পাব। কিন্তু প্রেস ব্রিফিংয়ে যেসব বক্তব্য র্যাব দিয়েছে সে সব বিশ্বাসযোগ্য না। একজন মানুষ এভাবে সাত জনকে হত্যা করতে পারে না এবং নদী থেকে জাহাজ নিয়ে খালে যেতেও পারে না।
ব্রাহ্মণবাড়িয়া : অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে আশুগঞ্জ নদীবন্দরে আটকা পড়েছে মালবাহী কার্গো জাহাজ। নদীবন্দরে কার্গো জাহাজ থেকে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা। এতে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেকার হয়ে পড়েছে বন্দরের শত শত শ্রমিক। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা।
বন্দরের একাধিক ব্যবসায়ী জানান, নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে বন্দরে সার, রড, সিমেন্ট নিয়ে আসা কার্গো জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। বন্দরের কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এতে বিপুল অঙ্কের লোকসান গুনতে হবে।
আশুগঞ্জ নদীবন্দরে প্রতিদিন সার, রড, সিমেন্ট, ধান, চাল, পাথর, কয়লাসহ কোটি কোটি টাকার বিভিন্ন পণ্য নিয়ে অর্ধশত জাহাজ নোঙর করে। এসব পণ্য আশুগঞ্জ থেকে নদীপথে ঢাকা, চট্টগ্রাম, মোংলা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, নরসিংদী, কুমিল্লা, কিশোরগঞ্জসহ সারা দেশে যায়।
চাঁদপুর : সারা দেশের মতো চাঁদপুরেও কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। জাহাজে যারা হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছেন শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা। এদিকে গ্রেপ্তার হওয়া আকাশ মন্ডল ওরফে ইরফান নৌ পুলিশের দাবির পরিপ্রেক্ষিতে ৭দিনের রিমান্ডে নেওয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে চাঁদপুর নৌপুলিশ।
বাগেরহাট : দেশের দ্বিতীয় বৃহত্তম বাগেরহাটের মোংলা বন্দরে বহির্নোঙরে অবস্থান নেওয়া জাহাজে পণ্য নামানোর কাজ বন্ধ রয়েছে। ফলে মোংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ স্থবির হয়ে পড়েছে। তবে এতে তেমন প্রভাব এখনো পড়েনি বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান সাংবাদিকদের বলেন, মোংলা বন্দরের জেটিতে কোনো পণ্যবাহী জাহাজ নেই। তবে বন্দরের বহির্নোঙরে ১৪টি দেশি-বিদেশি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে চারটির পণ্য নামানোর কাজ বৃহস্পতিবার রাতেই শেষ হয়ে যাওয়ায় শনিবার সকালে তা ছেড়ে যাবে। বাকিগুলোতে যে পণ্য রয়েছে তাও বৃহস্পতিবার রাতে জাহাজ থেকে আমদানিকারকরা নামিয়ে কার্গো ও লাইটারেজ জাহাজে উঠিয়েছে। সেসব জাহাজের শ্রমিকদের ধর্মঘটের কারণে ওই কার্গো ও লাইটারেজ জাহাজগুলো তাদের গন্তব্যে ছেড়ে যেতে পারছে না। শ্রমিক ধর্মঘটের মধ্যে বন্দরে নতুন করে কোনো জাহাজ ভিড়লে তখন সমস্যা তৈরি হতে পারে।
মাগুরার নিহত ছেলে সজিবুলের শোকে পিতার মৃত্যু : জাহাজে থাকা শ্রমিককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় নিহত সাতজনের মধ্যে, মাগুরার মহম্মদপুরের তিনজন যুবক রয়েছে। যাদের একজন উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন ও গ্রামের দাউদ মোল্যার ছেলে সজিবুল ইসলাম। ছেলের এমন নির্মম মৃত্যুর শোক সইতে না পেরে বৃহস্পতিবার রাতে মারা গেছেন সজিবুলের বাবা দাউদ মোল্যা (৬০)। ছেলের হৃদয় বিদায়ক হত্যাকা-ের মৃত্যুর শোকে স্ট্রোকে বাবার এমন মৃত্যু হয়েছে বলে জানায় তার পরিবার।
সজিবুল ৫ মাস আগে বিয়ে করেন। নিহত সজিবুলের বড়ভাই রকিবুল ইসলাম বলেন, এটা পরিকল্পিত হত্যা। আমার ভাইকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।
সিরাজগঞ্জ : নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরটি। বাঘাবাড়ি নৌবন্দর হয়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে জ্বালানি তেলসহ সব পণ্য পরিবহন বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান নৌশ্রমিকরা।
বাঘাবাড়ী নৌবন্দর লেবার এজেন্ট দুলাল হোসেন বলেন, নৌশ্রমিকদের ডাকা কর্মবিরতির কারণে বাঘাবাড়ী নৌবন্দরে কোনো জাহাজ আসছে না। এ কারণে বাঘাবাড়ী নৌবন্দরে কোনো কাজ নেই। ফলে ৭০০ লেবার বেকার হয়ে পড়েছেন। এ অবস্থা চলতে থাকলে আমাদের চরম লোকসানে পড়তে হবে।
নারায়ণগঞ্জ : শীতলক্ষ্যার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। শ্রমিকরা জানান, ওই ঘটনার পর চাঁদপুর নৌরুটে সব ধরনের নৌশ্রমিকরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আমরা এই নৃশংস হত্যাকান্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। এ উপলক্ষে এদিন বেলা ১১টার দিকে জেলা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী বক্ষে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ব্যানারে সংক্ষিপ্ত সমাবেশ করে। কর্মবিরতি পালনকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ নৌযান ও শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার।
বরিশাল : জাহাজে কর্মরত শ্রমিকদের দীর্ঘদিনের ক্ষোভের মূলে রয়েছে ন্যায্য বেতন থেকে বঞ্চিত হওয়া, কাজের সঠিক মূল্যায়ন না পাওয়া এবং চরম হয়রানির শিকার হওয়া। গতকাল ধর্মঘট পালনকালে শ্রমিকরা এসব কথা বলেন। অনেক শ্রমিক অভিযোগ করেছেন, তাদের ন্যায্য বেতন সময়মতো দেওয়া হয় না। পাশাপাশি, ছুটি এবং অন্যান্য মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘বরিশাল জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, কালীগঞ্জে ডাকাতি বন্ধ করতে হবে। এই স্থানগুলোতে প্রশাসনের হস্তক্ষেপের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’
বরিশাল জেলা পণ্যবাহী নৌযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, ‘চাঁদপুরে নিহতদের পরিবারকে ন্যূনতম ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
৭ খুনের প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রতি পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে।
