ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমীর বরখাস্তের আদেশ প্রমার্জনা করা হয়েছে। গত মঙ্গলবার বরখাস্তের প্রজ্ঞাপন বাতিল করে ২০০৯ সালের ২৪ জুন থেকে তাকে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘‘২৪ জুন ২০০৯ থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমীকে প্রযোজ্য সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে। একই সঙ্গে ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২৩ জুন, ২০০৯ তারিখে জারিকৃত ওই অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।’’
আবদুল্লাহিল আমান আজমী জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে। ২০১৬ সালের ২২ আগস্ট রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। সে সময় জামায়াতের পক্ষ থেকে বলা হয়, রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আবদুল্লাহিল আমান আজমীকে নিয়ে যাওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। প্রায় আট বছর পর এ বছরের ৬ আগস্ট সকালে আবদুল্লাহিল আমান আজমী নিজ বাসায় ফেরেন।
