তিন মেয়ে রেখে গেছেন মনমোহন সিং, কী করেন তারা?

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

শ্রদ্ধা, ভালোবাসা আর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি' সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে নয়াদিল্লির নিগামবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শেষকৃত্যের অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছে মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কাউর এবং তার তিন মেয়ে উপীন্দর সিং, দমন সিং এবং অমৃত সিংকে। এছাড়াও এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় সরকারের আরও অনেক প্রতিনিধি।

অন্যদিকে, মনমোহন সিং যে রাজনৈতিক দলের সদস্য ছিলেন সেই কংগ্রেসের পক্ষ থেকে আগাগোড়া সিং পরিবারের সদস্যদের পাশে থেকেছেন মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীসহ অন্যরা।

সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী গুরশরণ কাউর নিজেও একজন গুণী মানুষ। তিনি একাধারে একজন অধ্যাপিকা, লেখিকা এবং কীর্তন গায়িকা। অন্যদিকে, মনমোহন সিং ও গুরশরণ কাউরের তিন কন্যাও কম যান না। তারা আজ স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।

মনমোহন সিংয়ের বড় মেয়ে উপীন্দর সিং একজন স্বনামধন্য ঐতিহাসিক এবং তিনি অশোক বিশ্ববিদ্যালয়ের 'ডিন অব ফ্যাকাল্টি'। ভারতীয় ইতিহাস নিয়ে একাধিক বই লিখেছেন তিনি। যা সংশ্লিষ্ট সব মহলেই সমাদৃত হয়েছে। যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো- এ হিস্ট্রি অব এনসিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিভ্যাল ইন্ডিয়া, দ্য আইডিয়া অব এনসিয়েন্ট ইন্ডিয়া প্রভৃতি। ২০০৯ সালে সমাজ বিজ্ঞানে লক্ষ্যণীয় সাফল্যের জন্য তাকে ইনফোসিস প্রাইজ দেওয়া হয়। তার স্বামী বিখ্যাত লেখক বিজয় তনখা। প্রাচীন গ্রিক দর্শন নিয়ে তার লেখা বহু বই রয়েছে। 

মনমোহন সিংয়ের মেজো মেয়ে দমন সিং একজন প্রখ্যাত লেখিকা। তার লেখা একাধিক বই গুণীজনদের ও পাঠকের প্রশংসা কুড়িয়েছে। যার মধ্যে অন্যতম - 'স্ট্রিক্টলি পার্সোনাল'। যা আদতে তার বাবা-মায়েরই জীবনী। এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক বিষয় নিয়েও দমন লেখালেখি করেছেন। যার মধ্যে অন্যতম হলো- বন সংরক্ষণ। দমনের স্বামীর নাম অশোক পট্টনায়েক। তিনি একজন আইপিএস কর্মকর্তা এবং ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড (ন্যাটগ্রিড)-এর সাবেক সিইও।

মনমোহন সিংয়ের ছোট মেয়ে অমৃত সিং একজন মানবাধিকার আইনজীবী। তিনি থাকেন আমেরিকায়। তিনি স্ট্যানফোর্ড ল-স্কুলের একজন অধ্যাপিকাও। তিনি ইয়েল ল-স্কুল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং সেখানকার ডিগ্রি অর্জন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত