কনস্টাসের কোচকে বাংলাদেশে আসতে বলেছিলেন হাথুরুসিংহে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:১১ এএম

বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় সম্ভবত চিরতরে শেষ হয়ে গেছে। দুইবার তিনি জাতীয় দলের কোচ হয়েছিলেন, দুইবারই তার বিদায় হয়েছে বাজেভাবে। যদিও এদেশের ক্রিকেটে তার অবদান প্রচুর। এমনকী সদ্য অভিষিক্ত অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাসের বাংলাদেশি কোচ তাহমিদকে তিনি বাংলাদেশে আসতে বলেছিলেন।

২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে হাথুরুসিংহের সঙ্গে তাহমিদের পরিচয় হয়। হাথুরু তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। ২০১৭ সালের ডিপিএলে প্রাইম ব্যাংকের দলে ছিলেন তাহমিদ। তবে সে বছর কোনো ম্যাচ খেলা হয়নি। গতকাল শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের তাহমিদ জানালেন, সেই সময়ের গল্প।

তাহমিদ বলেন, ‘হাথুরুসিংহের সঙ্গে এখন আর যোগাযোগ নেই। ২০১৫ বিশ্বকাপের কথা। বাংলাদেশের নেটে বোলিং করছিলাম, অন্য দলেও করেছি। আমি মূলত ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, সঙ্গে লেগ স্পিনও করতাম। সে (হাথুরু) খুব ভালো ছিল। সে বলেছিল ‘‘তোমার বাংলাদেশে আসা উচিত, কিছু জিনিস শিখতে বলেছিলেন”।’

প্রাইম ব্যাংকের হয়ে খেলতে না পারলেও বাংলাদেশে আসার অভিজ্ঞতা পরবর্তীতে কাজে দিয়েছে বলে জানান ২৯ বছর বয়সী তাহমিদ, ‘এটা আমার জন্য ভালো ছিল। আমার মনে হয় আমি স্পিন বোলিং খেলা ও গরমের সঙ্গে মানিয়ে অনুশীলন করা শিখেছি। অসম্ভব গরম ছিল তখন। এটা দারুণ অভিজ্ঞতা ছিল।’

ভবিষ্যতে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করার ইচ্ছা আছে তাহমিদের, ‘প্রাইভেটলি কাজ করার প্রস্তাব পেলে করতে চাই। এটা আমার জন্য শেখার অনেক বড় সুযোগ হবে। বাংলাদেশি কোচদের কাছ থেকে শিখতে পারব। আমার মনে হয় ভিন্ন ভিন্ন এরিয়ায়, ভিন্ন দেশ ও ভিন্ন পিচে কাজ করা জ্ঞান আমার জ্ঞান বাড়াবে। সময়মতো সুযোগ এলে আমি অবশ্যই আসতে চাই।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত