আকরাম-জয়ার ছবি নিয়ে যা বললেন আনু মুহম্মদ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পিএম

সম্প্রতি মুক্তি পেয়েছে আকরাম নির্মিত মুক্তিযুদ্ধের সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির পর থেকে সমালোচকদেরও প্রশংসা পাচ্ছে সিনেমাটি। অনেকেই বলছেন, সিনেমায় সাধারণত মুক্তিযুদ্ধের যে গয়রহ বয়ান, তা থেকে বেরিয়ে এসে অন্য ধরনের সংকটের গল্প দেখা যাচ্ছে আকরাম খানের এই ছবিতে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) মুক্তি পাওয়া সেই ছবিটি দেখে এবার নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে ‘নকশী কাঁথার জমিন’ নিয়ে নিজের অনুভূতি লিখে জানান আনু মুহাম্মদ।

তিনি লিখেন, ‘দুই নারীর গল্প। কৈশোর পার হতে না হতেই ভুলভাবে দুই ভাইয়ের সাথে বিয়ে হয়ে যায় তাদের। সন্তান বড় হতে হতে আসে ১৯৭১। এক ভাই রাজাকার, অন্য ভাই মুক্তিযোদ্ধা; এক ছেলে রাজাকার অন্য ছেলে মুক্তিযোদ্ধা। বাবা ছেলে, মা ছেলে, স্বামী স্ত্রী অবিরাম দ্বন্দ্ব সংঘাত। সংলাপ খুবই কম। ৭১ এর ঘোর বর্ষণে অনাবিল দৃশ্যাবলীর পাশাপাশি যুদ্ধ এবং নৃশংসতা। অসাধারণ ক্যামেরার কাজ।’

এসময় তিনি আরো লিখেন, ‘জয়া এবং সেঁওতীসহ সবার অভিনয় এবং দৃশ্যবিন্যাসও দারুণ। চিত্রনাট্যে কি আরও কাজ করার সুযোগ ছিল? কেন এরকম নৃশংস হয়ে গেল ছেলেটা? দুই নারীর দুর্বল জীবনের সবই যায়, শূন্যতার মধ্যে বেঁচে থাকে নকশি কাঁথার জীবন!’ সরকারি অনুদানে নির্মিত এমন ছবি নির্মাণের জন্য আকরাম খানসহ পুরো টিমকেও ধন্যবাদ জানান আনু মুহাম্মদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত