বছরটা ছিল ওয়ামিকার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

বলিউড ইন্ডাস্ট্রি এমন এক ক্ষেত্র যেখানে প্রতিনিয়ত নতুন মুখ উঠে আসে। তেমনই এক নাম হলো ওয়ামিকা গাব্বি। ইনস্টাগ্রাম রিলস ঘুরিয়ে দিয়েছিল তার ভাগ্যের চাকা। অভিনয় দক্ষতা, মাধুর্য এবং ব্যক্তিত্বের মিশেলে তিনি খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। কেবল ভারতীয় চলচ্চিত্রে নিজের পরিচিতি গড়ে তোলেননি, বরং বিভিন্ন ভাষায় কাজ করার মাধ্যমে তার অভিনয়ের বিস্তৃত পরিসর দেখিয়েছেন ওয়ামিকা।

১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর ভারতের পাঞ্জাব রাজ্যের চণ্ডিগড়ে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। বাবা গোবিন্দ গাব্বি পেশায় একজন লেখক এবং মা রাজকুমারী গাব্বি একজন শিক্ষিকা। ছোটবেলা থেকেই শিল্প ও সংস্কৃতির প্রতি ওয়ামিকার আগ্রহ ছিল প্রবল। তিনি শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং অভিনয়ের প্রতি তার আকর্ষণ ছিল ছোটবেলা থেকেই। 

ওয়ামিকার অভিনয়ের যাত্রা শুরু হয় মাত্র ১৭ বছর বয়সে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র ‘বিট্টু বস’-এর মাধ্যমে। যদিও সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি, কিন্তু তার সাবলীল অভিনয় দর্শকদের নজর কাড়ে। এরপর থেকে তিনি বিভিন্ন পাঞ্জাবি, মালয়ালম, তামিল এবং তেলেগু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের শুরুর দিনগুলো তার জন্য সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার মুখোমুখি হয়েও তিনি ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। শহিদ-কারিনা অভিনীত জনপ্রিয় সিনেমা ‘জব উই মেট’-এ গীতের বোনের চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

শুধু বলিউডেই সীমাবদ্ধ না থেকে বিভিন্ন আঞ্চলিক সিনেমায়ও তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। বিশেষ করে পাঞ্জাবি এবং মালয়ালম চলচ্চিত্রে তার অবদান উল্লেখযোগ্য। পাঞ্জাবি সিনেমায় তার কাজগুলোর মধ্যে রয়েছে ‘তু মেরা ২২ মেই তেরা ২২’, যেখানে তিনি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে অভিনয় করেছিলেন। 

মালয়ালম চলচ্চিত্রে তার অভিষেক হয় ‘গডহা’ সিনেমার মাধ্যমে। মালয়ালম সিনেমার জটিল গল্পের ধরন এবং গভীর চরিত্রগুলোর মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে তিনি দক্ষিণ ভারতের সিনেমাপ্রেমীদের মন জয় করেন। নেটফ্লিক্সের সিরিজ ‘মাই’-এ তিনি এমন একটি চরিত্রে অভিনয় করেন যা তার অভিনয়ের নতুন দিক উন্মোচন করে। ডিজনি এবং হটস্টারে মুক্তিপ্রাপ্ত ‘মডার্ন লাভ মুম্বাই’ সিরিজে ওয়ামিকার চরিত্র ছিল একেবারেই ভিন্ন। এখানে তাকে একটি রোমান্টিক এবং মজার ভূমিকায় দেখা যায়।

ওয়ামিকা গাব্বির বিশেষত্ব হলো তিনি এমন চরিত্র বেছে নেন যা শুধু নায়িকার সাধারণ রূপে সীমাবদ্ধ থাকে না। শুধু অভিনয়ের জন্যই নয়, ফ্যাশন স্টেটমেন্টের জন্যও আলোচনায় থাকেন তিনি। বিভিন্ন অ্যাওয়ার্ড শো এবং ইভেন্টে তাকে অনন্য রূপে দেখা যায়, যা তাকে তরুণ প্রজন্মের ফ্যাশন আইকন করে তুলেছে। ইতিমধ্যে বেশ কিছু পুরস্কার ও জমা হয়েছে এই তরুণ অভিনয়শিল্পীর ঝুলিতে। 

সর্বশেষ তাকে দেখা গেছে কালি পরিচালিত ‘বেবি জন’ সিনেমায়। অ্যাটলি কুমার প্রযোজিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন বরুণ ধাওয়ান। এর আগে বিক্রমাদিত্য মোতোয়ানির ‘জুবলি’ ওয়েব সিরিজে দারুণভাবে নজর কেড়েছিলেন ওয়ামিকা। এছাড়াও বিশাল ভারদ্বাজের ‘খুফিয়া’য় তার অভিনয় নজর কেড়েছে সবার। গত অক্টোবরে মুক্তি পাওয়া ‘খুফিয়া’ সিনেমাতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও দেখা যায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত