খুলনায় মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) ও তার স্ত্রী পারভীন সুলতানা তিঁতলীকে (২৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে নগরীর গোবরচাকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল ও বোমা সদৃশ ৫ ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার পলাশ নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার জনৈক সুলতান তালুকদারের ছেলে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, সন্ত্রাসী গ্রেপ্তারে সেনা, নৌ, পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী খুলনা মহানগরীতে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১২ টার দিকে যৌথবাহিনী নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায়।
এ সময় নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিঁতলীকে গ্রেপ্তার করা হয়। পরে পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা তল্লাশি করে বাড়ির উঠান থেকে ৫টি ককটেল, দুইটি রামদা ও দুইটি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার পলাশের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। এছাড়া অস্ত্র মামলায় গতকাল রবিবার পলাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাজিতে হেরে অক্ষয়কে বিয়ে করেন টুইঙ্কেল!
আইন ভঙ্গের দায়ে যুক্তরাজ্যে জরিমানার মুখোমুখি টিউলিপ সিদ্দিকি