বাস্তবে তিনি সঙ্গীতশিল্পী, গান ভালোবাসেন। পাশাপাশি অভিনয়ও করেন। গত বছর আলিয়া কুরেশিকে দেখা গেছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায়। চলতি বছর তার কাজের মধ্যে রয়েছে ‘বন্দিশ ব্যান্ডিটস ২’,যেখানে তিনি এক বাদ্যযন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সিরিজের নেপথ্যে তার গাওয়া গান ব্যবহৃত হয়েছে। পাশাপাশি অভিনয়ও করেছেন। সিরিজটিতে আলিয়ার বিপরীতে রয়েছেন এই প্রজন্মের অভিনেতা ঋত্বিক ভৌমিক।
যিনি শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন, তিনি কেন ওয়েবে নিজেকে বন্দি করলেন, যার বিপরীতে তথাকথিত তারকা নেই, এমন প্রশ্নে আলিয়া কুরেশির উত্তর, “সব কাজ নাম, যশ, অর্থের লোভে করি না। কিছু কাজ আমার আত্মার কাছাকাছি। নিজেকে তৃপ্ত করতেও কিছু কাজ করি। যেমন এই সিরিজ। প্রথম সিজন আমাকে এতটাই নাড়া দিয়েছিল যে পরের সিজনে ডাক পাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি।”
অভিনেত্রীর দাবি, “বলতে পারেন আমি পরিবারের ‘কুলাঙ্গার’! পরিবারের কেউ বিনোদন দুনিয়ায় নেই। আমি এতেই সন্তুষ্ট। ওই যে বললাম, নিজেকে খুশি রাখতে চাইলে ইচ্ছেকে প্রাধান্য দিতে হয়। সেটাই দিয়েছি।”
আলিয়াও কি কখনও টলিউডে কাজ করবেন? তার পছন্দের পরিচালক, অভিনেতা কারা? প্রশ্ন শুনেই গলায় বাড়তি উচ্ছ্বাস অভিনেত্রীর। আন্তরিকভাবে বললেন, “আমার অনেক বাঙালি বন্ধু। বাঙালিদের খুব ভালবাসি।” একটু থেমে যোগ করেছেন, “আপনারা বাঙালিরা যে কোনও শিল্পকলার প্রতি প্রচণ্ড আগ্রহী। অত্যন্ত সুশৃঙ্খল।”
তিনি বাংলা ছবি দেখেন। সুযোগ পেলে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করবেন। বিপরীতে চান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব অথবা জিৎকে।
নারী সঙ্গী প্রয়োজন নাই, ওটা অটো থাকে: মারজুক রাসেল