পশ্চিমা দেশগুলোর কট্টর সমালোচক ও রুশপন্থী হিসেবে পরিচিত মিখাইল কাভেলাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। টালমাটাল নির্বাচনের পর রবিবার (২৯ ডিসেম্বর) প্রেসিডেন্ট হিসেবে কাভেলাশভিলির অভিষেক হয়। খবর রয়টার্স।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ক্ষমতাসীন দলের ইইউপন্থী বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জৌরাবিচভিলি প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন— তিনি বাসভবন ত্যাগ করছেন, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কাভেলাশভিলির কোনো বৈধতা নেই। তিনি বলেন, ‘আমি এখান থেকে বের হয়ে আপনাদের সঙ্গে থাকব।’
ডানপন্থী ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক আইনপ্রণেতা ও ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ফুটবল তারকা কাভেলাশভিলি (৫৩) পশ্চিমের কট্টর সমালোচক। বিরোধী দলগুলো রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদীয় প্রক্রিয়া বর্জনের পর তিনিই একমাত্র প্রার্থী ছিলেন।
প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার আগে জৌরাবিচভিলি অভিযোগ করেন, কাভেলাশভিলিকে যথাযথভাবে বাছাই করা হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, যেসব আইনপ্রণেতারা তাকে বেছে নিয়েছিলেন তারা অক্টোবরের জালিয়াতি সংসদীয় নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।
তবে দেশটির নির্বাচন কমিশন বলছে, অক্টোবরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ক্ষমতাসীন দল ড্রিম পার্টিও বলছে, কাভেলাশভিলি যথাযথভাবে নির্বাচিত প্রেসিডেন্ট।
কাভেলাশভিলি হলেন বিডজিনা ইভানিসভিলির অনুগত, যিনি সাবেক ধনকুবের প্রধানমন্ত্রী। যাকে জর্জিয়ার ডি ফ্যাক্টো নেতা হিসেবে দেখা হয়। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র ইভানিসভিলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, তিনি জর্জিয়ার বর্তমান পশ্চিমাবিরোধী ও রুশপন্থীদের নেতৃত্ব দিচ্ছেন।
থার্টি ফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত ঢুকতে মানা
একদিনে ৩ বিমান দুর্ঘটনা দেখল বিশ্ববাসী