নোয়াখালী

কৃষকের পেটে গুলি করে পালাল দুর্বৃত্তরা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক কৃষক আহত হয়েছেন। গুলিবিদ্ধ আব্দুল মতিন (৫০) উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের কাজী আলাউদ্দিনের বাড়ির মফিজ উল্লার ছেলে। সোমবার (৩০ ডিসেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ছয়ানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি লিটন দেওয়ান বলেন, ছয়ানী বাজার এলাকায় দুই পক্ষের গ্রুপিং চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কাউকে গুলি ছুড়লে লক্ষ্যভ্রষ্ট হয়ে আব্দুল মতিন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল মতিন ও তার প্রতিবেশী শুভ একটি দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে দুই অস্ত্রধারী গুলি করে এবং পালিয়ে যায়। এতে আব্দুল মতিনের পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আহত আব্দুল মতিনের চাচাতো ভাই দাবি করেছেন, দুই অস্ত্রধারী সরাসরি আব্দুল মতিনকে গুলি করেছে। তবে কী কারণে এমন ঘটল সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত