ফেনী শহরের বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মসজিদের এলইডি স্ক্রিনে এই লেখা দেখতে পান সাধারণ মানুষ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটির এমন প্রচারণা দেখে বিক্ষুব্ধ হয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হলে মুসল্লিদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিকাল ৩টার পর এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অপারেটর জমির উদ্দিন (৪৫) নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসে।
মসজিদের নিয়মিত মুসল্লি আবুল হোসেন জানান, মসজিদটি সংস্কারের পর থেকে এলইডি স্ক্রিনে নামাজের সময় সূচি ভেসে থাকে। সোমবার জোহরের নামাজের পর মুসল্লিরা বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই মসজিদের দেয়ালের সঙ্গে লাগানো বৃহৎ আকারের ওই এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে; জয় বাংলা’ লেখাটি ভেসে ওঠে। বিষয়টি জানার পর মুহূর্তেই মসজিদের সামনে শত শত মুসল্লি ও পথচারী জড়ো হয়। মসজিদের স্ক্রিনে চোরাগোপ্তা প্রচারণার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
মসজিদের নিকটবর্তী মাহমুদুল হাসান নামের এক ব্যবসায়ী জানান, মসজিদের কমিটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগের স্বৈরাচার কমিটির অনেকেই পলাতক। আবার কেউ কেউ গণহত্যা মামলার আসামি। এদের কেউ ষড়যন্ত্রমূলকভাবে গণ্ডগোল লাগাতে এ ধরনের কাজ করেছে। এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে; জয় বাংলা’ ভেসে ওঠার ঘটনাটি জিজ্ঞাসাদের জন্য মসজিদের অপারেটর জমির হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে অবশ্যই তদন্ত করা হবে।
দুই জেলায় নতুন ডিসি
‘সচিবালয়ে অগ্নিকাণ্ডে চার ফ্লোরের ২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত’