বিশ্বের ১১% স্বর্ণ ভারতীয় নারীদের হাতে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

ভারতীয় নারীদের কাছে হাজারও বছর ধরে সম্পদ, ঐতিহ্য, আভিজাত্য এবং সাংস্কৃতিক তাৎপর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণ। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সঞ্চয় করে আসছেন মহামূল্যবান ধাতুটি। বছরের পর বছর ধরে তাদের কাছে থাকা স্বর্ণের পরিমাণও রীতিমতো ফুলে-ফেঁপে উঠছে।

স্বর্ণের বাজার নিয়ন্ত্রণকারী বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় নারীরা সামষ্টিকভাবে এই মুহূর্তে প্রায় ২৪ হাজার টন স্বর্ণের মালিক, শতকরা হিসেবে যা বিশ্বের মোট স্বর্ণের ১১ শতাংশ। বিশ্বের অনেক শিল্পোন্নত দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টেও এত পরিমাণ স্বর্ণ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে ৮ হাজার টন স্বর্ণ, জার্মানির রিজার্ভে রয়েছে ৩ হাজার ৩০০ টন স্বর্ণ এবং ইতালি, ফ্রান্স ও রাশিয়ার রিজার্ভে রয়েছে যথাক্রমে ২ হাজার ৪৫০ টন, ২ হাজার ৪০০ টন এবং ১ হাজার ৯০০ টন স্বর্ণ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিবৃতি অনুসারে, স্বর্ণ সঞ্চয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর নারীরা। এই ২৮ হাজার টন স্বর্ণের ৪০ শতাংশই রয়েছে তাদের দখলে। কেবল তামিলনাড়ুর নারীদের কাছেই রয়েছে ২৮ শতাংশ স্বর্ণ। ভারতের আইন অনুসারে, কোনো নারীর যদি ৫০০ গ্রামের বেশি স্বর্ণ থাকে তার সঞ্চিত স্বর্ণের ওপর কর প্রযোজ্য হয়। পুরুষদের ক্ষেত্রে এই পরিমাণ ১০০ গ্রাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত