চীনের জিনজিয়াং সাইট বিক্রি করেছে অটোমেকার ভক্সওয়াগন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ পিএম

উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিচ্ছে জার্মান অটোমেকার ভক্সওয়াগন। বেইজিংয়ের বিরুদ্ধে উইঘুরদের প্রতি ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠার পর ভক্সওয়াগন তাদের এই প্ল্যান্টটি বিক্রি করে দিয়েছে। খবর রয়টার্সের। 

জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এসএআইসি মোটর কর্পোরেশনের সাথে ভক্সওয়াগন যৌথ-উদ্যোগে গাড়ি উৎপাদন করে। কিন্তু এই কারখানায় উইঘুর সম্প্রদায়ের লোকজনকে দাসের মতো ব্যবহারের অভিযোগ করেন অ্যাক্টিভিস্ট এবং বিশেষজ্ঞরা। এমন অভিযোগের পরই তারা এই প্ল্যান্টটি বিক্রির সিদ্ধান্ত নেয়। 

একটি বিবৃতিতে সংস্থাটি জিনজিয়াং থেকে তাদের উৎপাদন সরিয়ে নেওয়ার কারণ হিসেবে "অর্থনৈতিক বিষয়কে" উদ্ধৃত করেছে। প্রতিষ্ঠানটি একই সময়ে ঘোষণা করেছে যে, এটি চীনা কোম্পানি এসএআইসি এর সাথে তাদের অংশীদারিত্ব সম্প্রসারিত করবে। তারা ২০৪০ এ নতুন আরেকটি উৎপাদন কেন্দ্র চালু করবে। 

ভক্সওয়াগন জানায়, তাদের অনেক সাইট গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করতে যাচ্ছে। এটি উরুমকিতে যৌথ উদ্যোগের সাইটের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে অর্থনৈতিক কারণে সাইটটি এখন পুনর্বিন্যাস সম্ভব না হওয়ায় যৌথ উদ্যোগে এটি বিক্রি করা হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, প্ল্যান্টটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সাংহাই লিংগাং ইকোনমিক ডেভেলপমেন্ট গ্রুপের সাংহাই মোটর ভেহিকেল ইন্সপেকশন সার্টিফিকেশন কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। তবে কত দামে বিক্রি করা হয়েছে সেটি প্রকাশ করেনি ভক্সওয়াগন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত