অস্থিরতায়ও সিনেমার জয়গান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পিএম

ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রি উঠেছিল জেগে, পালে লেগেছিল নতুন হাওয়া। কিন্তু চলতি বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আবারও চুপসে যায়। নতুন আশায় শুরু হওয়া এ বছরেও আলোচনায় ছিল বেশ কিছু সিনেমা। নানা বিতর্ক এড়িয়ে সিনেমার জয়গান ছিল সর্বত্র, যা ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক। চলতি বছরে দেশি সিনেমা মুক্তি পেয়েছে ৫০টি। কিন্তু ব্যবসাসফল সিনেমার সংখ্যা কেবল হাতেগোনা। তবে ব্যবসাসফল না হলেও গল্পনির্ভর ভিন্ন ধারার বেশকিছু চলচ্চিত্রও প্রশংসিত হয়েছে

তুফান

চলতি বছরে মুক্তি পাওয়া সবচেয়ে ব্যবসাসফল সিনেমার নাম নিলে বলতে হয় ‘তুফান’-এর কথা। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা গেছে ওপার বাংলার মিমি চক্রবর্তীকে। এ ছাড়া এ সিনেমার মধ্য দিয়ে অনেক বছর পর সিনেমায় ফিরে প্রশংসা কুড়িয়েছেন মাসুমা রহমান নাবিলা। প্রশংসার পাশাপাশি সবচেয়ে আলোচিত সিনেমাও এটি।

দেয়ালের দেশ

বছরের অন্যতম আলোচিত রোমান্টিক ড্রামা ‘দেয়ালের দেশ’। সরকারি অনুদানে নির্মিত ছবিতে প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী।

পোস্টার, টিজার, ট্রেলার দিয়েই সাধারণ দর্শকদের পাশাপাশি সমালোচকদের দৃষ্টি কাড়ে। মুক্তির পর সিনেমাটি বেশ আলোচিত হয়।

প্রিয় মালতী

‘প্রিয় মালতী’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হলেন ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সঙ্গে নির্মাতা হিসেবে বড় পর্দায় পা রাখলেন শঙ্খ দাশগুপ্ত। যাপিত জীবনের গল্পে নির্মিত ‘প্রিয় মালতী’ দেখে শুধু দর্শক নয়, প্রশংসা করছেন সমালোচকরাও। ছবিটি এখনো বড় পর্দায় চলছে।

এ ছাড়া চলতি বছরে মুক্তি পাওয়া আরও বেশ কিছু সিনেমা দর্শক প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে রয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’, কামরুজ্জামান রুমান পরিচালিত ‘মোনা : জি¦ন-২’, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’, অনন্য মামুন পরিচালিত ‘দরদ’, নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’, শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’, বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামা কাব্য’ এবং আকরাম খানের ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাগুলো।

শরতের জবা

জুলাই-আগস্ট আন্দোলন-পরবর্তী দেশের প্রেক্ষাগৃহ যখন সিনেমা শূন্য, তখন অক্টোবরে মুক্তি পায় ‘শরতের জবা’। গল্প প্রধান এই ছবিটির মাধ্যমে অভিনেত্রী কুসুম তিনটি নতুন পরিচয়ে সামনে আসেন! চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালক ‘শরতের জবা’র মধ্য দিয়ে কুসুম নতুন পরিচয়ের কারণে সমালোচকদের দৃষ্টি কাড়েন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাহস করে বড় পর্দায় কুসুমের সিনেমা মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানান অনেকে। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প নিয়ে নির্মিত এই ছবিটি আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগেও মনোনীত হয়েছে।

কাজলরেখা

সরকারি অনুদানে বাংলার রূপকথা নিয়ে নির্মিত ‘কাজলরেখা’ সিনেমাটি বেশ দর্শক নন্দিত হয়েছে। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এ ছবিতে নবাগতা মন্দিরা চক্রবর্তী প্রশংসা পেয়েছেন। এটি তার প্রথম সিনেমা। এ ছাড়া শরিফুল রাজ, ইরেশ যাকের, মিথিলা, খায়রুল বাসারসহ অনেক তারকা মুখকে নতুনভাবে দেখা গেছে ‘কাজলরেখা’ সিনেমায়। চিত্রগ্রাহক কামরুল হাসান খসরুর দৃষ্টিনন্দন ক্যামেরায় মুগ্ধ হয়েছেন দেশ-বিদেশের দর্শক! সিনেমাটি আসন্ন রটারড্যাম চলচ্চিত্র উৎসবে ‘লাইমলাইট’ বিভাগে প্রদর্শিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত