আতশবাজি ও পটকা না ফোটানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পিএম

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান। মঙ্গলবার পরিবেশ উপদেষ্টা মোবাইল কোর্ট পরিচালনার ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণকালে প্রধান অতিথির বক্তৃতার এ আহ্বান জানান।

তিনি বায়ুদূষণ রোধে অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। পরিবেশ উপদেষ্টা বলেন, গাছ সুরক্ষায় নতুন আইন তৈরি করা হচ্ছে। এই আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিরুদ্ধে বিশেষ বিধান রাখা হবে। অপর এক অনুষ্ঠানে মঙ্গলবার রাজধানীর আবাহনী মাঠের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় গাছের পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গাছে পেরেক ঠোকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হবে। গাছ পরিবেশের অক্সিজেন সরবরাহ করে। গাছে পেরেক ঠুকলে তা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং ধীরে ধীরে গাছ মারা যায়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর।

অনুষ্ঠানগুলোতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অ.দা.) ড. ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক, বিআরটিএ, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের  নির্বাহী  ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত