পাকিস্তানে নতুন বর্ষবরণের সময় ফাঁকা গুলি, আহত ২৯

  • করাচীতে খ্রিষ্টীয় নতুন বর্ষ ২০২৫ বরণের সময় ফাঁকা গুলিতে ২৯ জন আহত 
  • এ ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম

আনন্দ, উল্লাস আর উচ্ছ্বাসের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে আতশবাজি, পটকা এবং বিভিন্নভাবে বর্ষবরণ করতে গিয়ে নানা রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখিও হতে হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের করাচীতে খ্রিষ্টীয় নতুন বর্ষ ২০২৫ বরণের সময় ফাঁকা গুলিতে ২৯ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসায় জিন্না হাসপাতাল এবং আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

উদ্ধারকারীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি আহত হয়েছেন লিয়াকতাবাদ, গুলশানে ইকবাল, শাহ ফয়সাল কলোনি এবং ওরাঙ্গি টাউনের বাসিন্দারা। গতকাল রাতে নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলি চালিয়ে প্রকাশ করছিলেন তারা। এ সময় দুর্ঘটনাটি ঘটে

এদিকে এ ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। কারণ পাকিস্তানে আগে থেকেই ফাঁকা গুলির বিষয়ে সতর্কতা জারি করেছিল সরকার। করাচি পুলিশ সতর্ক করে বলেছিল, নববর্ষ উদযাপনের সময় কেউ ফাঁকা গুলি চালালে তাকে হত্যার চেষ্টার অভিযোগের মুখোমুখি করা হবে।

পুলিশের সতর্ক বার্তা সত্ত্বেও অনেকেই ফাঁকা গুলি ছুড়েছেন। এরপর গতকাল রাতেই করাচির শাদবাগে অভিযান চালিয়ে ১৫ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

এ দিকে লাহোর পুলিশ জানিয়েছে, লাহোরে নববর্ষ উদযাপনের সময় আইন লঙ্ঘনের অপরাধে লাহোরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা লাহোরের বিভিন্ন এলাকায় ফাঁকা গুলি চালিয়ে সহিংস পরিবেশ তৈরি করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত