নতুন বছরের প্রথম দিন থেকে ইতালির মিলানে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে রাজধানীর রাস্তায় বা জনাকীর্ণ জনসমাগমস্থলে ধূমপান করলে ৪০ থেকে ২৪০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা ২৯ হাজার ৯৬৭ টাকা) পর্যন্ত জরিমানা গুনতে হবে। বুধবার এক এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
প্রতিবেদন থেকে জানা যায়, মিলানের সব বাসিন্দারা বিষয়টি ভালোভাবে গ্রহণ করছেন না। স্থানীয় প্লাম্বার মরগান ইশাক (৪৬) নিষেধাজ্ঞার কার্যকরের আগে বলেন, নতুন আইনটি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি বাড়ির ভেতরে, বয়স্ক ব্যক্তি বা শিশুর সামনে ধূমপান না করতে রাজি আছি। তবে বাইরে ধূমপান নিষিদ্ধ করা মানে ব্যক্তি স্বাধীনতা খর্ব করা।
২০২০ সালে সিটি কাউন্সিলের মাধ্যমে মিলানের বায়ুর মানসংক্রান্ত অধ্যাদেশ পাস করা হয়। সেখানে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছিল। ফলে ২০২১ সাল থেকে পার্ক, খেলার মাঠের পাশাপাশি বাসস্টপেজ ও ক্রীড়া স্থাপনাগুলোয় প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ করা হয়।
নতুন বিধান অনুসারে, ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা গণপরিসরেও প্রযোজ্য হবে, যার মধ্যে রাস্তাঘাটও রয়েছে। তবে অন্যদের থেকে ১০ মিটার দূরত্ব বজায় রেখে ধূমপান করার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এমন ব্যবস্থা নেয়ার উদ্দেশ্যে হচ্ছে শহরের বাতাসের গুণমান উন্নত করা। নাগরিকদের স্বাস্থ্য রক্ষা করা। এছাড়া পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষাসহ শিশুদের শ্বাসকষ্ট থেকে রক্ষা করা। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আয়ারল্যান্ড, গ্রিস, বুলগেরিয়া, মাল্টা, স্পেন, হাঙ্গেরিসহ ১৭টি দেশ ধূমপানমুক্ত আইন পাস করেছে।
আতশবাজি দুর্ঘটনায় নিহত বেড়ে ৫, রাতভর আটক ৩৩০