পররাষ্ট্র উপদেষ্টা 

শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও বাংলাদেশের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ বুধবার (০১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক একসঙ্গে চলতে থাকবে। এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না বলে আমি মনে করি।

এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন। তা নাহলে তারা ফিরতে চাইবে না। নতুন বছরে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হবে।

তৌহিদ হোসেন বলেন, আমি চীনে যাচ্ছি, আমাকে নিমন্ত্রণ করেছে। আমি যাচ্ছি সেখানে। আমাদের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব। কী ইস্যু আছে আমি সেগুলো এখন বলব না।

তিনি বলেন, পররাষ্ট্রসচিব একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আহ্বান করেছে, সেখানে আমরা আলোচনা করব কী কী অর্জন হওয়ার মতো বিষয় রয়েছে। আর কী কী বিষয়ে তাদের কাছ থেকে সমাধান পেতে পারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত