অহেতুক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লাভের দিন শেষ উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন আনতে হলে জননির্ভর গঠনমূলক রাজনীতি করতে হবে।
আজ বুধবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় র্যালি পূর্ব ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধোবাউড়া উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের উদোগে ধোবাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, সাবেক ছাত্রদল নেতা আব্দুল মোমিন সুমন, ফরহাদ আল রাজি, কামরুল হাসান সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব মামুন হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।
ছাত্র সমাবেশে এমরান সালেহ প্রিন্স জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানসহ বিগত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ছাত্রদের নেতাকর্মীদের অগ্রণী ও সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিজয় সুসংহত করতে হবে। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি পরিপূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সতর্কভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
