সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন: তারেক রহমান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম

রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি মনে করে, রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কোনো কোনো মহল থেকে জানতে চায় সংস্কার নাকি নির্বাচন? এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশ প্রেমিক শক্তি, সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্যপ্রণীত কূটতর্ক বলেই বিবেচনা করে। এমনি করে গণতন্ত্রকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায়, যেটি রাষ্ট্র -জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে।

তিনি আরও বলেন, নানান চড়াই উৎরাই এর মধ্য দিয়ে ছাত্রদল বর্তমানে দেশের সবার কাছে জনপ্রিয় সংগঠনের পরিণত হয়েছে। ছাত্রদলের জন্ম লগ্ন থেকে যাদের ত্যাগ তিতিক্ষা, শ্রম, ঘাম ও মননে এই সংগঠনটি সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে এবং জনমনে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সেই সকল নেতা-কর্মীদের গভীরভাবে স্মরণ করছি।

গুম-শহীদ হওয়া সহকর্মীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তারেক রহমান বলেন, দেশ এবং জনগণের কাঁধে চেপে বসে থাকা মাফিয়া স্বৈরাচারের অপমানজনক বলার মাধ্যমে পার হলো ঐতিহাসিক ২০২৪। নিরপরাধ বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে আরেকটি নতুন বছরের যাত্রা শুরু হল আজ থেকে। এ সময় তিনি বীর ছাত্র-জনতাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি আবদুর মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাবেক ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ সংগঠনটি অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত