প্রেক্ষাগৃহে চলছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত স্যাটায়ারধর্মী সিনেমা ‘৮৪০’। সিনেমা হলের পাশাপাশি এবার এই সিনেমাটি আগামী ৩ জানুয়ারি একযোগে দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে।
টেলিভিশন চ্যানেলগুলো হচ্ছে- চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আরটিভি। যেখানে সিনেমাটির বর্ধিত অংশও প্রদর্শিত হবে।
এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, আরটিভির সিইও আশিকুর রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ, ‘৮৪০’ এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশাসহ ছবির অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, জাকিয়া বারি মম, আশুতোষ সুজন প্রমুখ।
‘৮৪০’-এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, এমন সিনেমাটি ৩ চ্যানেলে প্রচার হবে এটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন যারা সত্যি করেছেন তাদের ধন্যবাদ। এভাবে সাহসিকতা দেখিয়ে একযোগে কাজ করলে আমাদের মিডিয়া এগিয়ে যাবে। টিভির পাশাপাশি সিনেমা হলেও ‘৮৪০’ চলবে।
এসময় তিশা আরও বলেন,“এটা পলিটিকাল স্যাটায়ার। এটা ব্যবসার চেয়েও সামাজিক দায়বদ্ধতার জন্য সবাই একত্রিত হয়েছি। সমাজের যে সিচুয়েশন আমরা পার করেছি সেটা যেন রিপিট না হয় এজন্য আমরা টিভিতে প্রচারের উদ্যোগ নিয়েছি যেন আরও বেশি মানুষ দেখেন।
জানা গেছে, ‘৮৪০’ সিনেমাটি আগামীকাল ৩ জানুয়ারি রাত ৮টায় আরটিভিতে, রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে এবং রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভিতে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।
এ বছর প্রেক্ষাগৃহ মাতাবেন শাকিব-নিশো-সিয়াম-মেহজাবীনরা