আওয়ামী দোসররা বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করছে: আমিনুল হক 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

আওয়ামী স্বৈরাচারের দোসররাই দেশের ভেতরে থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশান ২ নম্বর গোল চত্বরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুলশান-বনানী-ভাষাণটেক-ক্যান্টনমেন্ট থানা বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আশা করেছিলাম, আপনারা দ্রুত সময়ের ভেতরে আওয়ামী লীগের স্বৈরাচারদের নির্মূল করবেন, কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্যের কারণে আপনারা এখনো সেই আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রের প্রত্যাকটি প্রতিষ্ঠানের কোমর ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংস স্তুপ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা দিয়েছেন। একটি সুন্দর বাংলাদেশ গড়তে ৩১ দফার রূপরেখার বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর উত্তর এর সদস্য সচিব মোস্তফা জামান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশে জনগণের প্রত্যাশা পূরণ হবে। জনগণের আস্থা অর্জনে আমাদের সকলকে জনগণের পাশে থেকে একযোগে কাজ করে যেতে হবে।

বিএনপি নেতা কামাল জামান মোল্লা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন নির্বাচন না দেবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব, রাজপথ ছাড়ব না।

গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এ বি এম এ রাজ্জাক, আতাউর রহমান, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, মহানগর সদস্য রেজাউর রহমান ফাহিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত