ডেঙ্গুতে মৃত্যুশূন্য বছরের প্রথম দুদিন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ এএম

এ বছরের প্রথম দুদিন ডেঙ্গুতে মৃত্যুহীন কাটল। তবে এ সময়ে ১৪২ জন নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বছরের প্রথম দিন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ ও গতকাল দ্বিতীয় দিন ৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৪ পুরুষ ও ২২ জন নারী। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪, ঢাকা বিভাগে আট, খুলনা বিভাগে ছয়, চট্টগ্রাম বিভাগে পাঁচ, বরিশাল বিভাগে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে রোগী ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪৭ রোগী।

অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালে ডেঙ্গু শনাক্ত ১ লাখ ১ হাজার ২১৪ জনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পুরুষরা। আক্রান্তদের ৬৩ হাজার ৮৮৬ জনই ছিল পুরুষ, যা মোট শনাক্তের ৬৩ দশমিক ১ শতাংশ। আর নারী আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৩২৮ জন, যা মোট শনাক্তের ৩৬ দশমিক ৯ শতাংশ। তবে মৃত্যুর হারে সামান্য এগিয়ে ছিল নারীরা, মারা যাওয়া ৫৭৫ জনের মধ্যে নারী ২৯৪ জন বা ৫১ দশমিক ১ শতাংশ আর পুরুষ ২৮১ জন বা ৪৮ দশমিক ৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বয়সভেদে সর্বোচ্চ আক্রান্তদের শীর্ষে ছিল তরুণরা। এর মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার ১১০ জন আক্রান্ত হয়েছেন, যাদের বয়স ২১-২৫ বছরের মধ্যে। এ বয়সীদের মধ্যে সর্বোচ্চ ১০ হাজার ২৮৪ জন পুরুষ আক্রান্ত হয়েছেন। ২৬-৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৩ জন। আর ১৬-২০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৫ জন।

অঞ্চলভিত্তিক হিসাবে বছর জুড়ে ভর্তি রোগীর শীর্ষে ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ২৫৪ জন। এরপরই ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছে ১৮ হাজার ৭৪১ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ হাজার ৮৭৯ জন। এর বাইরে বরিশাল বিভাগে ৮ হাজার ৮০১, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ ও বিভাগে ১৫ হাজার ৪০৬, গাজীপুর সিটি করপোরেশনে তিন, খুলনা বিভাগে ৯ হাজার ৯৮৮, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৩৬২, রাজশাহী বিভাগে ৩ হাজার ৮৮৮, রংপুর বিভাগে ১ হাজার ৫০৯ এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছে ৩৩৮ জন।

ভর্তি রোগীর তালিকায় তৃতীয় অবস্থানে থাকলেও বছর জুড়ে মৃত্যুতে শীর্ষে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। যেখানে সবচেয়ে বেশি ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ১০৪ ও বিভাগে ৫১ জন মারা গেছে। এর বাইরে বরিশাল বিভাগে ৬৪, চট্টগ্রাম সিটিতে এক ও বিভাগে ৫৪, খুলনা বিভাগে ৩৫, ময়মনসিংহ বিভাগে ১৬, রাজশাহী বিভাগে আট এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুশূন্য ছিল সিলেট বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত