১২ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দীর্ঘ ১২ বছর পর এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি। এর আগে ২০১২ সালে সর্বশেষ ঢাকা সফর করেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। ডি-৮ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেন ইসহাক দার।

দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মূলত ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে টানাপোড়েনের সম্পর্ক ছিল। তবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নতুন করে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতার দ্বার উন্মোচন করেছে।

দারের সফর এই সম্পর্ককে আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশ ইতিমধ্যে তাদের সহযোগিতা বাড়ানোর জন্য উল্লেখযোগ্য পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে রয়েছে— বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দুই দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক বাণিজ্য শুরু করা।

সংবাদ সম্মেলনে দার  জোর দিয়ে বলেন, পাকিস্তান বাংলাদেশকে একটি ‘সহোদর দেশ’ হিসেবে দেখে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবেশী দেশকে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সফরের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইসলামাবাদ সফর করবেন বলে নিশ্চিত করেছেন দার। সম্প্রতি এক বক্তব্যে দার বাংলাদেশ নিয়ে পূর্ববর্তী পাকিস্তান সরকারের নীতির সমালোচনা করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত