অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার বিকেলে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদরাসা মাঠে জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব চৌধুরী মশিউল আজম সাকিবের সঞ্চালনায় গণসমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, লক্ষীপুর আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ একে এম আবদুল্লাহ, সহকারী সদস্যসচিব সিদ্দিকুর রহমান, আনোয়ার ফারুক, যুক্তরাষ্ট্র কমিটির অন্যতম নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, ঢাকা মহানগর নেতা কেফায়েত হোসেন তানভীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ চলমান রেখে দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা যাবে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সকলকেই ১৬ বছরের খুন-দুর্নীতির বিচারে সোচ্চার হতে হবে।
এ সময় দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তোলা হচ্ছে। সরকার আন্তরিক হলে মৌলিক সংস্কারগুলো করে ১ বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জনগণকে সরকারকে জিজ্ঞেস করতে হবে তাদের অধিকার প্রাপ্তির জন্য। সরকার থেকে বরাদ্দ ও উন্নয়ন সম্পর্কে জানতে হবে এবং সরকারের কর্তাব্যাক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সাথে রাজনৈতিক দলের কাছেও জানতে চাইতে হবে সাধারণ মানুষের জন্য তারা কি করবে। শুধু ক্ষমতা পরিবর্তন নয় এবি পার্টির রাজনীতির হল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
শাহাদাতুল্লাহ টুটুল বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে খুন গুমের স্বর্গরাজ্য করেছিল, তার থেকে বাদ যায় নাই লক্ষ্মীপুর জেলাও। তাই প্রতিটি ঘটনার বিচার করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, প্রচার সম্পাদক হাবিব মিয়াজি, লক্ষ্মীপুর সদর উপজেলা আহ্বায়ক ইমরান হোসেন রাকিব, জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, রামগতির সমন্বয়ক মাওলানা সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ধানমন্ডিতে দিনে-দুপুরে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি
শাপলা চত্বরের ঘটনা নিয়ে মুখ খুললেন সোহেল তাজ